চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে মিছিল
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে মিছিল করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব চত্বর গণজাগরণ মঞ্চ থেকে মিছিল শুরু হয়। এটি চেরাগির মোড়, আন্দরকিল্লা, কে সি দে রোড প্রদক্ষিণ করে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।
শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার ও বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহবান জানান মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি ও খেলাঘর সংগঠক দেলোয়ার মজুমদার, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ প্রমুখ।
এরপর সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হয় একাত্তরের বীর শহীদদের।
এসময় শহীদ মিনারে এক সমাবেশে তরুণ উদ্যোগের উপদেষ্টা প্রকৌশলী দেলোয়ার মজুমদার মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার সব চিহ্নিত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং রায় কার্যকর না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবার আহবান জানান।
