দিনাজপুরে পাশের হার বেড়েছে, এগিয়ে মেয়েরা
দিনাজপুর শিক্ষাবোর্ডে ২০১৩ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাশের হার বেড়েছে। এ বছর বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৬০ শতাংশ, গত বছর যা ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোর্ডের অধীন ২ হাজার ৪৫৫টি স্কুল থেকে এ বছর এক লাখ এক হাজার ৯৪৬ জন পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয় ৯১ হাজার ৮৬০ জন।
এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে আট হাজার ১৮৬ জন।
এবার পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৯০ দশমিক ৫৮ এবং মেয়েদের ৯০ দশমিক ৬২ শতাংশ।
শিক্ষাবোর্ডে শতভাগ পাশ করেছে ৪৫৪টি স্কুলে এবং শুধু একটি স্কুলে একজনও পাস করেনি বলে জানান তিনি।
বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে দিনাজপুরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে সৈয়দপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে যৌথভাবে রংপুর ক্যাডেট কলেজ ও মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।
