৫ হাজার ট্যাক্সিক্যাব আমদানি হবে: মন্ত্রী
রাজধানী ও এর আশপাশের এলাকায় জনগণের পরিবহন সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যুগোপযোগী ও পরিবেশবান্ধব নতুন পাঁচ হাজার ট্যাক্সিক্যাব আমদানির উদ্যোগ নেয়া হয়েছে বলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।
আগামী ২০ মে নাগাদ এসব ট্যাক্সিক্যাব আমদানির জন্য দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এ উদ্যোগের কথা জানান তিনি।
এবার ট্যাক্সি সার্ভিস গাইডলাইন,২০১০ এর আলোকে দরপত্র আহ্বান করা হবে জানিয়ে তিনি বলেন, এর আওতায় ব্যবসায়ীরা সর্বনিম্ন ২৫০টি ট্যাক্সিক্যাব আমদানির সুযোগ পাবেন।
“এভাবে খুব শিগগিরই মোট ৫ হাজার ট্যাক্সি আমদানি করা হবে,” বলেন মন্ত্রী।
তিনি বলেন, এসব ট্যাক্সি অবশ্যই পরিবেশবান্ধব ও ১৫০০ সিসির হতে হবে। অন্যথায় অনুমোদন দেয়া হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত অর্থবছরে বিআরটিএ ৬৪২ কোটি ২ লাখ টাকা রাজস্ব আদায় করলেও চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত তা ৬১৮ কোটি ২৫ লাখ টাকায় পৌঁছেছে।
এছাড়া দুর্নীতি প্রতিরোধে ১১টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদ তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় বিআরটিএ চেয়ারম্যান আব্দুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
