২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 07:29 AM

Updated : 25 Apr 2022, 06:43 PM

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চৌগাছা উপজেলা বিএনপি সহসভাপতি নজরুল ইসলাম শান্তি মারা যান বলে জানায় কারা কর্তৃপক্ষ।

কারাগারের তত্বাবধায়ক এএসএম কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ৭টার দিকে নজরুল ইসলাম শান্তি হৃদরোগে আক্রান্ত হন। তাকে সঙ্গে সঙ্গে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মুশফিকুর রহমান বলেন, নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু এ ঘটনার জন্য কারা কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন।

তিনি অভিযোগ করেন, রাতে উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন নজরুল ইসলাম। তখনই তাকে হাসপাতালে ভর্তি না করায় অবস্থার মারাত্মক অবনতি হয়। কারা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে।

গত ১৯ মার্চের হরতালে চৌগাছায় যানবাহন ভাংচুর ও বিস্ফোরকের দুটি মামলার আসামি ছিলেন নজরুল। গত ৫ মে জামিন আবেদন করলে নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠায় আদালত।