রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
রাজবাড়ী সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে উপজেলার দৌলতদিয়া-ফরিদপুর সড়কের বসন্তপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চয়ন মণ্ডল (৩০) কালুখালী উপজেলা যুবলীগের সদস্য এবং কালুখালীর রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রামের মৃত মকছেদ আলী মণ্ডলের ছেলে।
রাজবাড়ীর আলাদীপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, চয়ন রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে ফরিদপুর যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে চয়ন গুরুতর আহত হন।
রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম চয়নের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
