গাইবান্ধায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে উপজেলার পদুমশহর ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে পুলিশ গুহবধূ শাহিদা বেগমের (৩৬) লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শাহিদার স্বামী সাজু মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে।
সাঘাটা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহ নিয়ে দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাজু তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বলে এলাকাবাসী পুলিশকে জানিয়েছে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় সদরের বাদিয়াখালী বাজার থেকে পুলিশ সাজুকে আটক করে।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
