২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ধসে পড়া ভবনের প্রকৌশলী রাজ্জাক কারাগারে

কারাগারে থাকতে হচ্ছে সাভারে ধসে পড়া ভবন রানা প্লাজার প্রকৌশলী আব্দুর রাজ্জাক খানকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 01:04 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

গ্রেপ্তার এই প্রকৌশলীকে চার দিন জিজ্ঞাসাবাদের পর বুধবার ঢাকার আদালতে পাঠায় পুলিশ।

ভবন ধসে বহু হাতহতের জন্য দায়ী করে পুলিশের করা মামলায় আসামি রাজ্জাক।

নতুন করে জিজ্ঞাসাবাদের কোনো আবেদন না থাকায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখ এই প্রকৌশলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবী জামিন চাননি। ভবন ধসে আট শতাধিক প্রাণহানির মামলার আসামিদের পক্ষে না লড়ার ঘোষণা রয়েছে ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের।

নয় তলা ওই ভবনে ফাটল দেখা দেয়ার পরও ২৪ এপ্রিল এর পাঁচটি পোশাক কারখানায় কাজ চলছিলো।

এই মামলায় সাভার পৌরসভার দুই প্রকৌশলীকেও গ্রেপ্তার করা হয়েছে।

ভবন মালিক সোহেল রানা ও তার বাবা আব্দুল খালেককেও গ্রেপ্তার করেছে পুলিশ।