পুরান ঢাকায় হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল
পুরান ঢাকায় হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিল করেছে বিরোধীদল ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
হেফাজতে ইসলামের সমাবেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘হতাহতের’ প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার এই হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বুধবার সকাল সোয়া নয়টার দিকে পুরান ঢাকার কলতাবাজারে হরতালের সমর্থনে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ গেলে তারা পালিয়ে যায়।
এর ঘণ্টাখানেক পর সকাল ১০টার দিকে সদরঘাদ লঞ্চঘাট শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা হরতালবিরোধী লাঠি মিছিল করে। লঞ্চঘাট থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার ঘুরে আবার ঘাটে এসে শেষ হয় লাঠিমিছিল।
এরপর সকাল ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হরতালবিরোধী মিছিল করে।
