চাঁদপুরে সড়ক অবরোধ
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দুই দিনের হরতালের প্রথম দিন চাঁদপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা।
বুধবার ভোর ছয়টা থেকে হরতাল সমর্থকরা চাঁদপুর-কুমিল্লা সড়কের কুমারডুগী, ঘোষেরহাট, বাবুরহাটসহ আরো কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে পুলিশ সেখানে গেলে তারা সরে যায়। পরে পুলিশ গাছের গুঁড়ি ও টায়ার সরিয়ে ফেলে।
পুলিশি অভিযানে হেফাজতে ইসলামের কর্মী হতাহতের প্রতিবাদে এ হরতালের আহ্বান করা হয়েছে।
সকাল থেকেই জেলা বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল ও পিকেটিংয়ের চেষ্টা করে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, পিকেটিং করার সময় পুলিশ একজনকে আটক করে। এছাড়া জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
সকালে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুলেতে শুরু করেছে।
