কারাভোগের পর ফিরল ৩ বাংলাদেশি
ভারতে কারাভোগের পর মঙ্গলবার তিন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।
এর আগে বিকালে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের নাকুগাঁও স্থলবন্দরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক হয়।
নালিতাবাড়ী থানার ওসি গোলাম হায়দার বলেন, এই তিন বাংলাদেশি মেঘালয় রাজ্যের তুড়া জেলখানায় বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন।
এরা হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবলাকোনা গ্রামের বিকেন্দ্র সাংমার ছেলে ফিলিপ সাংমা (২১), নালিতাবাড়ীর আন্ধারুপাড়া খলচান্দা গ্রামের প্রয়াত সফর শেখের ছেলে আব্দুস সালাম (৫৫) এবং ময়মনসিংহের পাঁচকাহনীয়া গ্রামের আদম আলীর ছেলে বাচ্চু মিয়া (৪০)।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ২৭ বিজিবি ‘ডি’ কোম্পানীর হাতিপাগার ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার বাবুল আক্তার খাঁন, বাংলাদেশ পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার এএসআই রামপ্রসাদ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৩২ বিএসএফ কিল্লাপাড়া ক্যাম্প ইন্সপেক্টার এ ইউ চৌধুরী, ভারতীয় পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন ঢালু থানার এসআই এসতুঙ্গা এইচ।
