‘মঞ্চ ভাঙলেও আন্দোলন চলবে’
পুলিশ শাহবাগের মঞ্চ ভেঙে দিলেও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে আন্দোলনে অটল থাকার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
ঢাকায় হেফাজতে ইসলামের আড়ালে জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছিলো দাবি করে মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, এই দলটিকে নিষিদ্ধ না করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভবপর নয়।
রোববার ঢাকায় হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে মঙ্গলবার মিছিল করে গণজাগরণ মঞ্চ। শাহবাগ থেকে শুরু হওয়া এই মিছিল রূপসী বাংলা হোটেল হয়ে দোয়েল চত্বর ও শহীদ মিনার ঘুরে প্রজন্ম চত্বরে ফিরে আসে।
শাহবাগে সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার একদিন আগে প্রজন্ম চত্বরের মঞ্চ ভেঙে দেয়ার সমালোচনা করেন।
সোমবার ভোররাতে গণজাগরণবিরোধী হেফাজতে ইসলামের কর্মীদের মতিঝিলে থেকে তুলে দেয়ার পর সকালে শাহবাগের মঞ্চ ভেঙে দেয় পুলিশ, যা গত তিন মাস ধরে সচল ছিলো।
ইমরান বলেন, “গণজাগরণ মঞ্চ একটি শাশ্বত চেতনার মঞ্চ। মুক্তিযুদ্ধের চেতনার মানুষ এই মঞ্চ হৃদয়ে ধারণ করে। তাই মঞ্চ ভেঙে বা সরিয়ে দিয়ে এ আন্দোলন দমানো যাবে না।”
ঘোষিত ছয়টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে গণজাগরণ মঞ্চের কর্মীদের আহ্বান জানান তিনি। পূর্ব ঘোষিত কর্মসূচিগুলোও অপরিবর্তিত থাকবে।
“ঢাকার বাইরের গণজাগরণ মঞ্চের কর্মীদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সাধ্যমতো আন্দোলন চালিয়ে যান।”
৩১ মে শাহবাগে সমাবেশের কর্মসূচি রয়েছে। ১০ মে গাজীপুরে এবং ২০ মে ময়মনসিংহে সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
“তারা ইসলাম রক্ষার নামে পবিত্র গ্রন্থ কুরআন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অগ্নিসংযোগ করেছে। তাদের উদ্দেশ্য প্রমাণিত। তারা এদেশকে একটি উগ্র সাম্প্রদায়িক তালেবানি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়,” বলেন তিনি।
জামায়াত-শিবিরকে হেফাজতের ‘পৃষ্ঠপোষক’ আথ্যায়িত করে ইমরান বলেন, “একমাত্র জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার মাধ্যমেই মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করা সম্ভব।”
সমাবেশের আগে মিছিলে ইমরানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা নেতৃত্ব দেন।
মিছিলে স্লোগান ছিলো- ‘যে হাত মসজিদ পোড়ায়/সে হাত ভেঙে দাও’, ‘যে হাত কুরআন পোড়ায়/ সে হাত ভেঙে দাও’, ‘ইসলামের ইজ্জত/ ধ্বংস করলো হেফাজত’, ‘কোরআনের ইজ্জত/ ধ্বংস করলো হেফাজত’, ‘হেফাজতের আরেক নাম/ জামায়াতে ইসলাম’ ইত্যাদি।
