২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিগন্ত-ইসলামিক টিভি বন্ধে এরশাদের নিন্দা

দুটি বেসরকারি টেলিভিশনের সম্প্রচার সাময়িকভাবে বন্ধের নিন্দা জানিয়েছেন মহাজোট শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 12:24 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

সোমবার এক বিবৃতিতে এরশাদ বলেন, তথ্য ও মত প্রকাশের স্বাধীনতাকে স্তদ্ধ করার জন্য কোনো মিডিয়ার প্রচার বন্ধ করা গণতান্ত্রিক আচরণের পরিপন্থী।

“আমি আশা করি, সরকার এ বিষয়টি বিবেচনায় রেখে দিগন্ত এবং ইসলামিক টিভিকে পুনরায় সম্প্রচারের সুযোগ প্রদান করবেন।”

জামায়াত-বিএনপি জোট সংশ্লিষ্ট হিসাবে পরিচিত বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার রোববার গভীর রাতে ‘সাময়িকভাবে’ বন্ধ করে দেয়া হয়।

এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংবাদ সম্মেলনে বলেছেন, লাইসেন্সর শর্ত ভঙ্গ ও দাঙ্গা লাগানোর মত পরিস্থিতি সৃষ্টি করায় টেলিভিশন দুটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

বিবৃতিতে এরশাদ বলেন, টেলিভিশন চ্যানেল দু'টি আইন পরিপন্থী কোনো কাজ করে থাকলে সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া যেতে পারে। কিন্তু আক্রোশের বশবর্তী হয়ে কোনো মিডিয়া বন্ধ করা গণতান্ত্রিক দেশে কাম্য হতে পারে না।

পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের সনাক্ত করে শাস্তি দিতেও বিবৃতিতে দাবি জানিয়েছেন এরশাদ।

পুরনো খবর:

দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ