পায়রা নদীর লেবুখালী ফেরি বন্ধ
বরিশাল-পটুয়াখালী সড়কে পায়রা নদীর উপর লেবুখালী ফেরি পারাপার বন্ধ হয়ে গেছে শনিবার রাতে।
ফলে সারাদেশের সঙ্গে পটুয়াখালীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ঘাটের উত্তর পাশের গ্যাংওয়ের ডালার হাতল ভেঙে নদীতে পড়ে এ অবস্থার সৃস্টি হয় বলে ফেরী বিভাগ জানায়।
পটুয়াখালী ফেরী বিভাগের নির্বাহী প্রকৌশলী সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, রাত ১১টার দিকে অধিক মালবোঝাই একটি ট্রাক লেবুখালী ফেরিতে উঠতে গেলে ফেরির গ্যাংওয়ের ডালা ভেঙে নদীতে পড়ে যায়।
ফেরি বন্ধ থাকায় শত শত যাত্রিবাহী বাস, মিনিবাস, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন ফেরির দুপাশে আটকা পড়ে।
নির্বাহী প্রকৌশলী আরো বলেন, নদীতে জোয়ার থাকায় গ্যাংওয়ের ডালা ওঠানো যাচ্ছে না। ভাটা শুরু হলে শ্রমিকরা দ্রুত কাজ করে ঠিক করতে পারবে।
বিকাল নাগাদ পুনরায় ফেরি চলাচল শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
