নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে
সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা লাশের সংখ্যা বেড়ে ৫০৯ জনে দাঁড়িয়েছে।
সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে বসানো অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের বোর্ডে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে লিখে দেয়া হয় এই সংখ্যা।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী জানিয়েছেন, শুক্রবার প্রথম প্রহর থেকে অর্ধশতাধিক মৃতদেহ উদ্ধার করেছেন তারা।
সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে কংক্রিট সরানোর পাশাপাশি লাশের সন্ধান চালিয়ে যাচ্ছেন।
উদ্ধার করা লাশগুলো স্বজনদের সনাক্ত করার জন্য নেয়া হচ্ছে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পুলিশ উপ পরিদর্শক ফরিদ উদ্দিন জানান, শুক্রবার বেলা ১২টা পর্যন্ত হস্তান্তর করা হয়েছে ৪০৩ জনের লাশ।
পচন ধরায় কিছু লাশ আগেই ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়, যাদের মধ্যে পরিচয় না পাওয়া ৩২ জনকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।
উদ্ধার অভিযানের দশম দিনে ক্রেন, ডোজার ও লোডার ব্যবহার করে উদ্ধারকর্মীরা ভবনের চারপাশ থেকে কংক্রিটের স্তূপ সরিয়ে নিচ্ছেন। ছাদের অংশও টুকরো টুকরো করে সরিয়ে নেয়ার কাজ চলছে। ট্রাকে করে এসব কংক্রিটের স্তূপ সরিয়ে নেয়া হচ্ছে বংশী নদীর তীরে।
লাশ গুম করা হচ্ছে এমন অভিযোগ অস্বীকার করে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে উদ্ধার কাজে শামিল হতে আহ্বান জানিয়েছিলেন তিনি।
শুক্রবার সকালে তিনি বলেন, “অত্যন্ত সাবধানতার সঙ্গে আমাদের মৃতদেহগুলো উদ্ধার করতে হচ্ছে। না হলে সেগুলো অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব না।”
ধ্বংসস্তূপ থেকে সব লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে ভবন ধসের পর এখনো ঠিক কতজন নিখোঁজ রয়েছে সেই সংখ্যা নিয়ে বিভ্রান্তিও এখনো কাটেনি। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া লাশের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলার পর সেনাবাহিনীর পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, লাশ গুমের প্রশ্নই ওঠে না।
সেনাবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৪৯ জন নিখোঁজ থাকার কথা বলা হলেও রেড ক্রিসেন্টের হিসাবে এই সংখ্যা চারশর বেশি।
স্থানীয় প্রশাসন প্রথম দিকে স্বজনদের কাছ থেকে তথ্য নিয়ে নিখোঁজদের তালিকা করা শুরু করলেও গত বুধবারই তা বন্ধ করে দেয়া হয়।
সকালে রানা প্লাজার ধ্বংসস্তূপ পরিদর্শন আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
ভবনের স্তম্ভ ধরে হরতালসমর্থকদের ‘টানাহেচড়ায়' রানা প্লাজা ধসে পড়তে পারে- স্বরাষ্ট্র মন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সরকারের শরিক এরশাদ বলেন, নিজের দলের লোকজনকে বাঁচাতেই মন্ত্রী এমন কথা বলেছেন।
সেনা সদস্যরা এ অভিযানে অংশ না নিলে প্রায় আড়াই হাজার মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না বলেও তিনি উল্লেখ করেন।
