২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ গুমের প্রশ্নই ওঠে না: হাসিনা

সাভারে ভবন ধসে হতাহতের সংখ্যা সরকার কমিয়ে দেখাচ্ছে- এই বক্তব্যের মাধ্যমে বিরোধীদলীয় নেতা বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 05:24 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

“লাশ গুমের প্রশ্নই ওঠে না,” বলেছেন তিনি।

সাভারে রানা প্লাজা ধসে এই পর্যন্ত চার শতাধিক লাশ এবং আড়াই হাজারের বেশি মানুষকে উদ্ধারের পরও অনেকে পাননি তাদের স্বজনদের।

ধ্বংসস্তূপের নিচে অনেক লাশ চাপা পড়ে আছে দাবি করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বুধবার নারায়ণগঞ্জে মে দিবসের সমাবেশে বলেন, সরকার হতাহতের সংখ্যা কম দেখাচ্ছে।

এই বক্তব্যের মাধ্যমে বিরোধীদলীয় নেতা উদ্ধার কাজে নেতৃত্ব দেয়া সেনাবাহিনীকে ‘কটাক্ষ’ করেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার গণভবনে এক সভায় বলেন, তিনি কীভাবে একথা বলেন। সেনাবাহিনী এই উদ্ধার কাজে ক্লান্তিহীনভাবে কাজ করেছে।

“ওনার (খালেদা জিয়া) মানবতাবোধ নাই, আমাদের আছে।”

এই প্রসঙ্গে বিএনপি আমলে ২০০৫ সালে স্পেকট্রাম কারখানা ধসের ঘটনাটি তুলে ধরে তিনি বলেন, “তখন দুই-একদিন উদ্ধার কাজ চলে, তারপরই সব চাপা দিয়ে ফেলা হয়।”

উদ্ধার অভিযানে সরকারের পদক্ষেপে ঘাটতি ছিল- খালেদা জিয়ার এই সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, “উনি (খালেদা জিয়া) কীভাবে জানলেন, যে ঠিকমতো সব হয়নি ?

“উনি তো ঘুম থেকেই ওঠেন দেরি করে। এজন্য, ওনার নেতারা হরতাল প্রত্যাহারের নির্দেশ পেয়েছেন দুপুর ২টার পর।”

মে দিবসে জাতীয় শ্রমিক লীগের মহাসমাবেশ বাতিল করে তার অর্থ আহতদের চিকিৎসার জন্য দেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপিও তা অনুসরণ করতে পারতো।

সাভারে ভবন ধসের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য যতদূর সম্ভব জীবিত মানুষ উদ্ধার করা।

তিনি জানান, ধ্বংসস্তূপ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২ হাজার ৮৫৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় ৪২১ জন এখন পর্যন্ত মারা গেছেন।

ঝালকাঠীর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই মতবিনিময় সভায় দলীয় প্রধান শেখ হাসিনা উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে অগ্নিদগ্ধ স্বেচ্ছাসেবক ইজাজ উদ্দিন চৌধুরীর জন্য সবার কাছে দোয়া চান।

পোশাককর্মী শাহীনা আক্তারকে উদ্ধার করতে গিয়ে গত রোববার অগ্নিদগ্ধ ইজাজকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠিয়েছে সরকার।

পুরনো খবর:

হতাহতের হিসাব চাই: খালেদা
‘লাশ গুমের অভিযোগ দুঃখজনক’
চাপাপড়া লাশের হিসাব নেই