২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাহতের হিসাব চাই: খালেদা

সাভারে ভবন ধসে হতাহতের সঠিক পরিসংখ্যান সরকার দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 02:06 PM

Updated : 13 Oct 2022, 02:51 PM

পুরনো খবর:

আহতদের পাশে খালেদা

তিনি বলেছেন, “এখনো অনেক লাশ চাপা পড়ে আছে। শুনেছি, ৯০০ মানুষ নিখোঁজ হয়ে আছেন। কত মানুষ চাপা পড়ে হত্যা হয়েছে, কোনো হিসাব নেই। এখন সরকার থেকে হতাহতের হিসাব কমিয়ে দেখানো হচ্ছে।”

“আমরা সরকারের কাছে জানতে চাই, প্রকৃতভাবে কত লাশ ভবনে রয়েছে, কতজন উদ্ধার হয়েছে। পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে।”

মে দিবসে বুধবার নারায়ণগঞ্জে এক জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে বিএনপি চেয়ারপারসন একথা বলেন।

সাভারে ধ্বংসস্তূপে উদ্ধার কার্যক্রমের মধ্যে এবার পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। ভবন ধসে নিহতের সংখ্যা চারশ’ ছাড়িয়েছে। আহত হয়েছে বহু, যাদের অনেকের অঙ্গহানি হয়েছে।

উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনী বুধবার জানিয়েছে, নিখোঁজের সংখ্যা এখন ১৪৯।

সোনারগাঁওয়ের বালু‘র মাঠে সমাবেশে বক্তব্যের শুরুতে খালেদা জিয়া সাভারে নিহতদের জন্য এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

রানা প্লাজা ধসের এত প্রাণহানির জন্য সরকারকে দায়ী করে বিরোধী নেতা বলেন,“ঘটনার পর দ্রুত সেনাবাহিনীকে দিয়ে উদ্ধার অভিযান শুরু হলে অনেক শ্রমিকের জীবন বাঁচানো যেত।”

সরকার ঘটনাটিকে গুরুত্ব না দিয়ে ‘অবহেলা’ করেছে বলে দাবি করেন তিনি।

“এত প্রাণহানির পরপরই প্রধানমন্ত্রী কিংবা দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী কেউই ঘটনাস্থলে যাননি। ঘটনার পরপরই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঘটনাস্থলে যাওয়া উচিৎ ছিলো।”

“প্রধানমন্ত্রী ব্যস্ত ছিলেন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান নিয়ে। দলৗয় নেতা-কর্মীদের নিয়ে সেদিন বৈঠক করেছেন। যদি এসব না করে তিনি (প্রধানমন্ত্রী) ঘটনা মনিটরিং করতেন, তাহলে অনেক জীবন বাঁচানো সম্ভব হতো।”

“৫/৬ দিন পর প্রধানমন্ত্রী ঘটনাস্থলে খালি মাঠে কেন গেলেন? এ থেকে বোঝা যায়- ঘটনাকে সরকার গুরুত্ব দেয়নি, অবহেলা করেছে।”

সাভারে হতাহত প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা অনুদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান বিএনপি চেয়ারপারসন।

ধসে পড়া ভবনের মালিক সোহেল রানার যুবলীগ সংশ্লিষ্টতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “এই রানা হিন্দু সম্পত্তি দখল করে অবৈধভাবে ওই ভবন তুলেছে, ৫ তলার ফাউন্ডেশনে ৯ তলা নির্মাণ করেছে। ফাটল ধরার পরও রানা হরতালের দিন বেতন দেয়ার কথা বলে শ্রমিকদের ডেকে এনেছে।”

সাভারে সরকারদলীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদকে ‘রানার গুরু’ অভিহিত করে তাকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন খালেদা জিয়া।