‘লাশ গুমের অভিযোগ দুঃখজনক’
সাভারে ভবন ধসে নিহতদের লাশ ‘গুমের’ অভিযোগ উড়িয়ে দিয়ে উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেছেন, এ ধরনের বক্তব্য ‘দুঃখজনক’।
মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, ফাইল ছবি
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হতাহতের সঠিক পরিসংখ্যান গোপন করার অভিযোগ আনার পরদিন সাভারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক হাসান সারওয়ার্দী।
তিনি বলেন, “কোনো কোনো মহল তথাকথিত লাশ গুমের অভিযোগ এনেছে। মৃতের সংখ্যা অস্বাভাবিক বেশি বলে ব্যথিত মানুষকে উত্তেজিত করে চলেছে।”
এতে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এই সেনা কর্মকর্তা বলেন, “উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনী, অন্যান্য সংস্থা এবং স্বেচ্ছাসেবীদের দেশপ্রেম ও সততা নিয়ে প্রশ্ন তোলা ও লাশ গুমের অভিযোগ অত্যন্ত দুঃখজনক।”
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ার পর আট দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৬ জনে।
তবে নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বুধবার এক শ্রমিক সমাবেশে বলেন, সরকার হতাহতের হিসাব কমিয়ে দেখাচ্ছে।
ধসের ঘটনায় ঠিক কতোজন এখনো নিখোঁজ আছেন, বিভ্রান্তি আছে তা নিযেও। বুধবার সেনা বাহিনীর উদ্ধাকারী দলের পক্ষ থেকে ১৪৯ জনের নিখোঁজ থাকার কথা বলা হলেও কীসের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে, তা জানাননি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, নিখোঁজ তালিকা জেলা প্রশাসন করেছে। তারাই এর উত্তর দিকে পারবে।
নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ধারণে নয় তলা ওই ভবনের পাঁচ কারখানায় কর্মরত শ্রমিকদের তালিকা বিজিএমইএ বা অন্য কারও কাছ থেকে এখনও পাওয়া যায়নি বলে জানান জেনারেল সারওয়ার্দী। এ ধরনের কোনো তালিকা না পেলেও নিখোঁজদের সংখ্যা কীভাবে বের করা হলো তা বৃহস্পতিবারও জানাননি তিনি।
নিখোঁজ শ্রমিকদের একটি তালিকা মঙ্গলবার পর্যন্ত অধরচন্দ্র বিদ্যালয় প্রাঙ্গণে ছিল। পুলিশের তত্ত্বাবধানে এই তালিকায় সেদিন পর্যন্ত ১৩শ’ জনের নাম উঠেছিল। কিন্তু পরে আর এই তালিকা পাওয়া যায়নি।
ধসে পড়া ভবনের সামনে এবং অধরচন্দ্র বিদ্যালয়ে এখনো অনেক মানুষ জড়ো হয়ে আছেন, যারা বলছেন, তাদের স্বজনের সন্ধান এখনো মেলেনি।
লাশ ও হাসপাতালগুলোতে আহতদের দেখে আসা এসব ব্যক্তির ধারণা, তাদের স্বজন চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে।
প্রথম দিন থেকে সাধারণ মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার কার্যক্রমে অংশ নিলেও ভারী যন্ত্রপাতির ব্যবহার শুরুর পর শুধু সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত উদ্ধারকর্মী দলই কাজে রয়েছে।
ধ্বংসস্তূপ সরানোর কাজে ব্যবহৃত ট্রাকগুলো থামিয়ে সাধারণ মানুষে লাশের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল উল্লেখ করে জেনারেল সারওয়ার্দী বলেন, পুলিশ বাহিনী এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছে।
রাস্তায় প্রয়োজন হলে যেখানে ইট-কনক্রিটের টুকরো ফেলা হচ্ছে সেখানে গিয়ে তল্লাশি চালাতে বলেন তিনি।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া সাহরাওয়ার্দী জানান, এ অভিযান শুরুর পর এ পর্যন্ত দুই হাজার ৪৩৭ জনকে তারা জীবিত উদ্ধার করেছেন। তবে কীভাবে এটি হিসেব করা হলো তার ব্যাখ্যাও তিনি সাংবাদিকদের দেননি।
গত রোববার জীবিত কাউকে উদ্ধারের আশা ছেড়ে দিয়ে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার অভিযান শুরুর পর ৪৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
উদ্ধার অভিযানে ধীরগতির অভিযোগ প্রসঙ্গে চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, তারা অক্ষত অবস্থায় মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা করছেন বলেই কিছুটা সময় লাগছে।
“সর্বশেষ মৃতদেহ উদ্ধার না করে আমরা এখান থেকে যাব না।”
ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরুর সময়ে বলা হয়েছিল, ধসে পড়া অংশগুলো ক্রেনের মাধ্যমে সরিয়ে আনা হবে।
কিন্তু বুধবার থেকেই দেখা গেছে, লোডার ও বুলডোজার দিয়ে দিয়ে কনক্রিটের বড় টুকরা ভেঙে পরে সরানো হচ্ছে। নবম দিনেও এ দৃশ্য দেখা যাচ্ছে।
সারওয়ার্দী জানান, সাভারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের এক দিনের বেতন সাহায্য তহবিলে জমা দেয়া হয়েছে, যার পরিমাণ প্রায় সাড়ে সাত কোটি টাকা।
