রাজবাড়ীতে বাসচাপায় নারীর মৃত্যু
রাজবাড়ী সদরে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই নারীর স্বামী ও সন্তান।
বৃহস্পতিবার বিকালে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের বাগমারা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সালমা আক্তার (২৫)। আহত হয়েছেন স্বামী নজরুল ইসলাম ও তাদের দুই বছর বয়সী মেয়েশিশু লামইয়া।
তাদের বাড়ি কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটরসাইকেলটিকে একটি বাস ধাক্কা দিলে তারা তিন জনই ছিটকে পড়েন।
আহত নজরুল ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
