২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে আ’লীগ অফিসে বোমা হামলা মামলার অভিযোগপত্র

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলার অভিযোগপত্র দিয়েছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 12:23 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

মুফতি আব্দুল হান্নানসহ ৬ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) এহসানউদ্দিন চৌধুরী।

তদন্ত কর্মকর্তা জানান, অন্য অভিযুক্তরা হলেন- স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাৎ উল্লাহ জুয়েল, মো. ওবায়দুল হক, বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শওকত হাশেম শকু, ভারতের কারাগারে বন্দি দুই ভাই আনিসুল মোরছালীন ও মাহবুব মুত্তাকিন।

এদের মধ্যে মুফতি আব্দুল হান্নান ও শাহাদাৎ উল্লাহ জুয়েল কারাগারে আটক আছেন। কাউন্সিলর শকু ও ওবায়দুল জামিনে রয়েছেন।

জেলা বিএনপি সভাপতি তৈমূল আলম খন্দকারসহ ৩১ জনকে মামলায় অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।

২০০১ সালের ১৬ জুন শহরের চাষাঢ়া আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত হন। আহত হয় তৎকালীন সাংসদ ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ শতাধিক।

এ ঘটনায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে ২৭ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেন।

চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ২৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি আতিকুর রহমান মামলাটির অভিযোগপত্র দেন।

ঘটনার এক বছর পর নিহত পিঠা বিক্রেতা হালিমা বেগমের ছেলে বন্দরনিবাসী আবুল কালাম বাদী হয়ে নাসিম ওসমান, শামীম ওসমানসহ ৩২ জনকে অভিযুক্ত করে আদালতে একটি মামলা দায়ের করেন।

২০০৪ সালের ১৩ এপ্রিল হাইকোর্ট ওই মামলাটি বাতিল করে প্রথম মামলাটি পুনরুজ্জীবীত করার নির্দেশ  দেন।

বিভিন্ন সময়ে ৭ জন কর্মকর্তা মামলাটি তদন্ত করেন।