২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে পথচলার এখনই সময়: আজিম

হরতাল প্রত্যাহারে প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দলীয় নেতা সাড়া দেয়ায় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ সৃষ্টি হয়েছে বলে মনে করেন একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 01:54 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

Image
জাতীয় সংসদ

জাতীয় সংসদ

মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি বলেন, এখনই ‘একসঙ্গে চলার’ সময়।

“দিয়ার ইজ এ প্রভিশন অব একোমোডেশন ইন পলিটিক্স।”

বিএনপির সাবেক সাংসদ আজিম গত নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে বিজয়ী হন।

সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় বিএনপি বৃহস্পতিবার হরতাল ডাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মানবতার’ বিষয়টি বিবেচনায় নিয়ে এ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। 

তাতে সাড়া দিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে হরতাল স্থগিতের কথা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে, মানবতার স্বার্থে, জাতীয় এই ট্র্যাজেডির সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াবার সুযোগ করে দিতে আমরা ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত ঘোষণা করছি।”

হরতাল প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিরোধী দলকে ধন্যবাদ জানান।

আজিম সংসদে বলেন, “বিরোধী দলীয় নেতা হরতাল প্রত্যাহার করেছেন প্রধানমন্ত্রীর আহ্বানে। এখন আশা করি, সরকারি দলও বিরোধী দলের কথা শুনবেন। এখন দরকার পলিটিক্স অব একোমোডেশন, পলিটিক্স অব ইনফ্লুয়েন্স। উই ডোন্ট ওয়ান্ট এনি পার্টিজান পলিটিক্স।”

দেশের বর্তমান পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান হবে বলেও আশা  প্রকাশ করেন তিনি।

“আমরা চাই- আলোচনার মাধ্যমে সব ধরনের বিভেদ সমাধান করুন। এ সংসদকে রাষ্ট্রীয় সব ধরনের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে হবে। আমাদেরই রাজনীতিটা করতে দেন। আদালতে, উত্তর পাড়া, দাক্ষিণ পাড়ায় রাজনীতি নিয়ে যাবেন না।”

সাভারে ভবন ধসের পর উদ্ধার কাজে নিয়মিত বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের স্বতস্ফূর্ত সাড়া দেয়ার বিষয়টি তুলে ধরে আজিম বলেন, “এটাই এ দেশের জনগণের শক্তি। জাতি সব সময় ঐক্যবদ্ধ থাকবে।”

বিরোধী দলের অনুপস্থিতিতে মঙ্গলবার সংসদে দিনের কার্যসূচির শুরুতে শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হন।

এর পরপরই সংসদের কার্যক্রমে অংশ নিয়ে আজিম বলেন, “প্রথম নারী স্পিকার নির্বাচিত হওয়ায় দেশের সংসদীয় ইতিহাসে আজ এক অনন্য দিন। নবনির্বাচিত স্পিকার নবীন, উচ্চ শিক্ষিত ও আইনজ্ঞ। আশা করি, এ সংসদও সঠিকভাবে পরিচালনা করতে পারবেন তিনি।

দেশ এখন ‘রাজনৈতিক ক্রান্তিকাল’ অতিক্রম করছে মন্তব্য করে এই স্বতন্ত্র সাংসদ বলেন, নতুন স্পিকার ‘এই সময়ের’ গুরুত্ব উপলব্ধি করেই সংসদ পরিচালনা করবেন বলে তিনি আশা করছেন।

প্রধান বিরোধী দল বিএনপিসহ তাদের শরিক দলের সাংসদরা চলতি অধিবেশনেও অনুপস্থিত রয়েছেন। আর সংসদে কার্যত একমাত্র স্বতন্ত্র সংসদই সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করে আসছেন।