হোস্টেলে ফাটল, শিক্ষার্থীরা আতঙ্কিত
রাজশাহী কলেজের দুটি ছাত্রাবাসের কয়েকটি ভবনে ফাটল দেখে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
মঙ্গলবার দুপুরে মুসলিম ছাত্রাবাসের নতুন ভবন এবং ছাত্রীনিবাসের পুরাতন ভবনের কয়েকটি স্থানে ফাটল দেখা যায় বলে জানান কলেজের উপাধ্যক্ষ মহা. হাবিবুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুসলিম ছাত্রাবাসের নতুন ভবনের ব্লক ও ছাত্রীনিবাসের পুরাতন ভবনের শিক্ষার্থীরা বেশ কয়েকটি বিমে ফাটল দেখতে পেয়ে অধ্যক্ষকে জানান।
খবর পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীদের নিয়ে গিয়ে ফাটলগুলো পরীক্ষা করা হয়।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে পরীক্ষার পর প্রকৌশলীরা জানিয়েছেন যে ফাটলগুলো মেরামত করলেই ঠিক হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই।
