কুষ্টিয়ায় টর্নেডো: নিহত এক, ব্যাপক ক্ষয়ক্ষতি
কুষ্টিয়ার দৌলতপুর ও মিরপুর উপজেলায় সোমবার রাতে টর্নেডোর আঘাতে একজন নিহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এসব এলাকার অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।
অন্তত পাঁচশ’ ঘরবাড়িসহ বহু বিদুতের খুঁটি, ট্রান্সফরমার এবং শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে।
এছাড়া কয়েক হাজার একর ফসলি জমির ফসল নষ্ট হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
নিহত হয়েছেন সাহাবুল (২২)। আহত হওয়ার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনা হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বাকিদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, সিভিল সার্জন তরুণ কান্তি হালদারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, টর্নেডোয় ক্ষতিগ্রস্ত লোকজনকে তাৎক্ষণিক আর্থিক ও খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।
এছাড়া তাদের পুনর্বাসনেরও প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।
এলাকাবাসী জানান, তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা, দুই বান্ডিল টিন ও ৩০ কেজি চাল এবং অন্য ক্ষতিগ্রস্তদের প্রত্যেকেকে পাঁচ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।
