ছাত্রলীগ নেতা নেতা ফজলু হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৬
ঢাকার কাফরুলের ছাত্রলীগ নেতা ফজলুল হক পাটোয়ারী হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলেছে, জমির বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ।
গত ২১ এপ্রিল হত্যাকাণ্ডের পর জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তারের সংখ্যা এখন সাতজনে দাঁড়ালো।
গ্রেপ্তার সর্বশেষ ব্যক্তিরা হলেন- কামরুজ্জামান আজাদ, গোলাম মাহদিন টিটু, টিটুর ছোট ভাই গোলাম কাদের রোম্মান, শাহরিয়ার কবির সায়মন, মিজানুর রহমান স্বাধীন ও সোহরাব হোসেন স্বপন।
তাদের কাছে তিনটি পিস্তল এবং ২৩ রাউন্ড গুলিও পাওয়া গেছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গত ২৮ ও ২৯ এপ্রিল ঢাকার কাজীপাড়া, শ্যামলী ও সাভার এবং কুষ্টিয়ার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেলও আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, তিনটি কারণে ফজলুল হককে হত্যা করা হয়।
তাহলো-জমি সংক্রান্ত বিরোধের জের, টিটুকে পুলিশের হাতে ধরিয়ে দেয়া এবং মিরপুর এলাকায় বিভিন্ন গার্মেন্টে ঝুট ব্যবসা নিয়ে চাঁদাবাজি।
ফজলুর মামা কামাল হোসেন গ্রেপ্তার টিটুর বাবার কাছ থেকে পাঁচ শতাংশের একটি জমি সাড়ে ১২ লাখ টাকায় কেনেন। তবে ওই জমি বিক্রির আগে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন টিটুর বাবা।
পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, বাবুর মামা সস্তায় জমিটি কেনার জন্য ওই ভয় দেখায় বলে টিটুর সন্দেহ ছিল।
গত ৯ মার্চ টিটুকে মারধর করে চুরির মামলা দিয়ে পুলিশে তুলে দেয় ফজলু। এই জন্যও টিটুর ক্ষোভ ছিল।
এছাড়া মিরপুর এলাকায় পোশাক কারখানার ঝুট ব্যবসার ওপর আধিপত্য প্রতিষ্ঠাও এই হত্যাকাণ্ডের পেছনে কাজ করেছে বলে পুলিশ জানিয়েছে।
ফজলুকে হত্যাকাণ্ডের বর্ণনাও আসামিদের কাছ থেকে শুনেছেন পুলিশ কর্মকর্তারা।
গত ২১ এপ্রিল পূর্ব কাজীপাড়ার ইটখোলা বাজারে খুন হন ঢাকার ৯৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফজলু। দুটি মোটর সাইকেলে এসে কয়েকজন যুবক ফজলুকে ডেকে পাশের একটি গ্যারেজে নিয়ে গিয়ে গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যায়।
সহকারী কমিশনার তৌহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিটু ও সায়মন মুখোশ পড়ে গ্যারেজে গিয়েছিলো। টিটু প্রথমে ফজলুর বেল্টে ধরে টেনে তাকে বের করে আনে। ফজলু তখন টিটুকে বলেছিল, ‘ভাই ভুল হয়ে গেছে মাপ করে দেন’।
“পরে টিটু গুলি করতে বলেন সায়মনকে। সায়মন গুলি করলে একটি ফজলুর হাতে লাগে। তখন টিটু ক্ষিপ্ত হয়ে সায়মনের হাত থেকে পিস্তল নিয়ে ফজলুকে গুলি করে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
হেদায়েত উল্লাহ পাটোয়ারীর ছেলে ফজলু উত্তরা বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসে বিবিএ পড়তেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের নলুয়ায়।
