গাজীপুরে ৪ কারখানার ভবনে ফাটল, ছুটি ঘোষণা
গাজীপুরের সদর ও কালিয়াকৈর উপজেলায় চারটি পোশাক কারখানার ভবনে ফাটল দেখা দিয়েছে বলে শ্রমিক ও শিল্প পুলিশ জনিয়েছে।
সোমবার জেলার ডায়াডেম সোয়েটার, রহমত টেক্সটাইল, মনটেক্স লিমিটেড ও ট্রপিক্যাল নিটেক্সের ভবনে ফাটল দেখে হুড়োহুড়ি নামতে গিয়ে আহত হন ৩০ শ্রমিক।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, ফাটল দেখা দেয়ায় কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করেছে।
কারখানা শ্রমিক ও পুলিশ কর্মকর্তারা জানান, সকালে কাজে যোগ দিয়ে ডেগেরচালা এলাকায় ডায়াডেম সোয়েটার কারখানার ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ফাটল দেখতে পায়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন ১০ শ্রমিক।
পরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে।
এদিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মন্ডল গ্রুপের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার আট তলা ভবনে ফাটল দেখা যায়। সেখানেও হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন ১০ থেকে ১২ জন।
এসময় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে কর্তৃপক্ষ এই কারখানাটিও বন্ধ ঘোষণা করে।
কারখানার শ্রমিকরা বলেন, ওই কারখানার ভিতরে একটি পাঁচ তলা ভবন প্রায় ১০ বছর আগে নির্মাণ করা হয়। ওই ভবনে একবার আগুন লেগে ক্ষতিগ্রস্ত হলেও কর্তৃপক্ষ আরো তিনটি তলা বাড়িয়ে আটতলা করে।
তবে ফাটল দেখা দিলেও ভবনের কোনো ক্ষতি হবেনা বলে দাবি করেছেন ট্রপিক্যাল নীটেক্স কারখানার ডিজিএম আমিনুল ইসলাম।
একই উপজেলার রহমত টেক্সটাইল ও মোনট্রেক্স লিমিটেড কারখানার ভবনে ফাটল দেখে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১৫-১৬ জন আহত হয়েছেন বলে শ্রমিকরা জানিয়েছেন।
আহতরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
