হেলিকপ্টারে চড়ে বগুড়া যাচ্ছেন শফী
হেফাজতে ইসলাম নেতা আল্লামা শাহ আহমেদ শফী হেলিকপ্টারে করে বগুড়া যাচ্ছেন, যার খরচ বসুন্ধরা গ্রুপের এক ব্যক্তি দিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
মঙ্গলবার তিনি বগুড়ায় হেফাজতে ইসলামের শানে রেসালত মহাসম্মেলনে যোগ দেবেন বলে তারা জানান।
বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ সম্মেলনে যোগ দিতে সোমবার থেকেই বিভিন্ন জেলা থেকে লোকজন আসতে শুরু করেছে।
রোববার এক সংবাদ সম্মেলনে প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানায় হেফাজতে ইসলাম বগুড়া শাখা।
সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্ম সম্পাদক শামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আল্লামা শাহ আহমেদ শফীর বয়স ৯৩ বছর। হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। তাই তিনি হেলিকপ্টারে আসছেন।
হেলিকপ্টারের খরচের কথা জিজ্ঞেস করা হলে শামছুল হক বলেন, তার তো ব্যক্তিগতভাবে এ খরচ বহন করার সাধ্য নেই।
“ঢাকার বসুন্ধরা গ্রুপের এক ধনাঢ্য ব্যক্তি হেলিকপ্টারের টাকা বহন করেছেন,” বলেন তিনি।
তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় শফী হেলিকপ্টারে বগুড়া শহরতলীর সুলতানগঞ্জ হাইস্কুল মাঠে নামবেন। সেখান থেকে সমাবেশস্থলে আসবেন।
