২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলপি গ্যাসের দাম কমাবে সরকার

এলপি গ্যাসের দাম জনগণের জন্য সহনীয় মাত্রায় নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, “এলপি গ্যাসের মূল্য জনগণের সহনীয় পর্যায়ে কমিয়ে আনাসহ সহজলভ্য করবার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।”

এজন্য সরকার বেসরকারি পর্যায়ে অনেকগুলো প্রতিষ্ঠানকে এলপি প্ল্যান্ট স্থাপনের অনুমতি দিয়েছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “মংলায় বার্ষিক এক লাখ টন ক্ষমতাসম্পন্ন এলপি গ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করেছে, যার কাজ চলমান আছে।”

অপু উকিলের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে পাঁচ হাজার ৪৩৭ মেগাওয়াট ক্ষমতার ২৭টি বিদ্যুতকেন্দ্র নির্মাণাধীন আছে। এসব কেন্দ্র পর্যায়ক্রমে ২০১৬ সালের মধ্যে চালু হবে।

মাহজাবিন মোরশেদের প্রশ্নের জবাবে এনামুল হক জানান, ২০২০-২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে।

জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিদ্যুতের গড় চাহিদা ছয় হাজার থেকে ছয় হাজার ৫০০ মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হচ্ছে পাঁচ হাজার ৬০০ থেকে ছয় হাজার ৩০০ মেগাওয়াট।

জাতীয় পার্টির এ এইচ এম গোলাম রেজার প্রশ্নের জবাবে তিনি জানান, বিদ্যুতে সিস্টেম লসের কারণে সরকারের বার্ষিক ক্ষতির পরিমাণ ৩৪১ কোটি টাকা।

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের প্রশ্নের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, আদালতের স্থগিতাদেশ থাকায় হাক্কানি পাবলিশার্স থেকে মুক্তিযুদ্ধের দলিল সংকলন কেনা সম্ভব হচ্ছে না।

ইনু জানান, সাধারণের সুবিধার্থে মুক্তিযুদ্ধের ১৫ খণ্ডের দলিল সরকার কিনে তা বিক্রি করে থাকে। ইতোমধ্যে সরকার ব্যবসায়ী প্রতিষ্ঠান হাক্কানি পাবলিশার্স থেকে ৩ হাজার সেট কিনে নিয়েছে। ১৫ হাজার টাকা দামে আরো কিছু সেট কেনার জন্যে চুক্তি করা আছে।

তথ্যমন্ত্রী বলেন, “বাংলা একাডেমি একেকটি সেট ৬ হাজার টাকা করে দেওয়ার জন্যে দরখাস্ত করে। ১৫ হাজার টাকার চেয়ে ৬ হাজার টাকায় কেনা মঙ্গলজনক। ক্রয়নীতি অনুযায়ী হাক্কানি পাবলিশার্সের প্রস্তাব না নেওয়ার মত দেই। একইসঙ্গে এ বিষয়ে আদালতের একটি স্থগিতাদেশ থাকায় হাক্কানি থেকে নতুন সেট কেনা হচ্ছে না।

মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জানান, বিসিআইসির অধীন পাঁচটি শিল্পকারাখানা বন্ধ রয়েছে। এগুলো হলো- চিটাগং কেমিক্যাল কমপ্লেক্স, নর্থবেঙ্গল পেপার মিলস, কর্নফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যাল, খুলনা নিউজপ্রিন্ট মিলস ও ঢাকা লেদার কোম্পানি।

এছাড়া বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার অধীন চারটি প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রয়েছে। এগুলো হলো- ঢাকা স্টিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ স্টিল ইন্ডাস্ট্রিজ, রহিম মেটাল ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ ক্যান কোম্পানি লিমিটেড।

প্রতিষ্ঠানগুলো আপাতত চালু করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানান শিল্পমন্ত্রী।

এম এ জাব্বারের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনটি সার কারখানা নির্মাণের পদক্ষেপ নেয়া হয়েছে। এগুলো হলো- এক হাজার ৭৬০ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন সিলেটের শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প, এক হাজার ৭৫০ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন নর্থওয়েস্ট ফার্টিলাইজার প্রকল্প ও এএফসিসি ইউরিয়া সারকারখানা।