২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা নুরুল্লাহকে হেফাজতে নেয়ার আবেদন

১৭ লাখ টাকাসহ গ্রেপ্তার চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি মো. নূরুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেয়ার আবেদন করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

এদিকে জব্দ করা ১৭ লাখ টাকার মধ্যে ১৫ লাখ টাকার হিসাব তিনি দিতে পারেন নি বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাতে নগরীর দিদার মার্কেট এলাকা থেকে নূরউল্লাহসহ পাঁচজনকে ১৭ লাখ টাকাসহ গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জব্দ করা ১৭ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা একই সিরিয়ালের এবং একসাথে বাধা ছিল।

তিনি বলেন, “নগরীতে পোশাক শিল্পে নাশকতার জন্য এসব টাকা বিলি করার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল বলে আমরা জেনেছি। গ্রেপ্তার নুরুল্লাহ ও মহিউদ্দিন শাহজাহান গত ২২ মার্চ সৌদি আরব যায় এবং ২৩ এপ্রিল দেশে ফিরে আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে।”

এসব টাকা হুন্ডির মাধ্যমে দেশের বাইরে থেকে আনা হয়েছে বলে পুলিশের ধারণা। 

নুরুল্লাহ গত বছরের ১৩ মে নগরীর নাসিমন ভবন এলাকায় পুলিশের ওপর হামলা ও ভাংচুর মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানায় পুলিশ।

এদিকে, নগরীর বেশ কিছু আবাসন ব্যবসায়ী জামায়াতে ইসলামকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে এমন অভিযোগ আছে বলে জানায় পুলিশ।

ওসি সেলিম বলেন, নগরীতে কয়েকটি প্রতিষ্ঠান জামায়াতের টাকা দিয়ে আবাসন ব্যবসা করছে এবং তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।

কোতয়ালী থানার এসআই মো. শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি নূরউল্লাহকে সাত দিনের হেফাজতে নেয়ার আবেদন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর হাকিম আদালত হেফাজতে নেয়ার আবেদনের শুনানি না করে তাদের কারাগারে পাঠিয়ে দেন।