ভূমি কমিশন আইন সংশোধনের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য ভূমি কমিশন আইন ২০০১ সংশোধনের দাবিতে সোমবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
এ সময় জনসংহতি সমিতির নেতৃবৃন্দ অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ও পার্বত্য আঞ্চলিক পরিষদের সম্মতিক্রমে গৃহীত ভূমি কমিশন আইন সংশোধনের দাবি জানান।
সেইসঙ্গে সচিবসহ ভূমি মন্ত্রণালয়ের এক তরফা ভূমি কমিশন আইন সংশোধনের উদ্যোগ বন্ধের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নিউমার্কেট চত্বরে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার।
বক্তব্যে দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা, জেলা শাখার সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা ও পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাথারণ সম্পাদক জ্যোতিষমান চাকমা বুলবুল।
সমাবেশের শুরুতে সাভারে ভবন ধসে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও পেশ করেন।
এর আগে একটি বিক্ষোভ-মিছিল কালিন্দীপুরের জনসংহতি সমিতির জেলা শাখার কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে নিউমার্কেট প্রাঙ্গণে এসে শেষ হয়।
