বসুন্ধরা সিটিতে বিক্ষোভ
ঢাকার বিপণিবিতান বসুন্ধরা সিটিতে সাপ্তাহিক ছুটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করেছেন দোকান কর্মচারীরা
সোমবার দুপুর দেড়টা থেকে প্রায় দেড় ঘণ্টা মার্কেটের মধ্যে বিক্ষোভ করেন তারা।
এ সময় পুরো মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রেতাদের মার্কেট থেকে বের হয়ে যেতে দেখা যায়। অনেক মালিক দোকান বন্ধ করে দেন। বন্ধ করে দেয়া হয় মার্কেটের লিফটও।
বিক্ষুব্ধরা ময়লা রাখার ডাস্টবিন ভাংচুর করে। তাদের হামলায় দোকান মালিক সমিতির সহসভাপতি সেলিম আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মালিক সমিতির আরেক নেতা বাবুল জানান।
সুমন নামে এক দোকান কর্মচারী বলেন, মঙ্গলবারের সাপ্তাহিক ছুটি বাতিল করায় তারা বিক্ষোভ করেন।
মার্কেটের দোকান মালিক সমিতি রোববার ছুটি বাতিলের এ ঘোষণা দেয় বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে এক দোকান মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সাপ্তাহিক ছুটি,বুধবার মে দিবসের বন্ধ এবং বৃহস্পতিবার হরতাল থাকায় টানা তিন দিন ব্যবসা হবে না। এজন্য মঙ্গলবারের সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।
পরে ছুটি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দিলে বিকেল ৩টার দিকে নিজ নিজ দোকানে ফিরে যান কর্মচারীরা।
মার্কেটের নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের মতোই মঙ্গলবার মার্কেট বন্ধ থাকবে।
বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক শেখ আব্দুল আলীম বলেন, মালিক সমিতি মঙ্গলবার সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্তের কথা জানালে কর্মচারীরা বিক্ষোভ করে। পরে ঠিক হয়ে যায়।
