২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জে পুলিশের উপর 'হামলার' ঘটনায় মামলা

নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের সমাবেশে হামলা চালানো যুবলীগের এক নেতাকে উদ্ধারের পর সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ। এছাড়া উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 08:33 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, পুলিশের ওপর হামলা ও সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে চাষাঢ়া পুলিশ ফাঁড়ির এস আই আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

“ঘটনার ভিডিও দেখে পরে আসামীদের শনাক্ত করা হবে।”

চাষাঢ়া শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের প্রতিবাদী সমাবেশ চলাকালে জহিরুল ইসলাম পারভেজের (ক্যাঙ্গারু পারভেজ) নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ করেন জোটের নেতারা। রোববার বিকালে এই হামলার পর উত্তেজনা দেখা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

নাগরিক আন্দোলনের নেতা রাব্বি তার ছেলেকে খুনের জন্য নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানকে দায়ী করে আসছেন। জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজকে ওই হত্যামামলায় আসামির তালিকায় রেখেছেন রাব্বি।

শহীদ মিনারে এক পর্যায়ে জনতা পারভেজকে আটকে ফেললে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও রবার বুলেট ছোড়ে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়।

রাব্বির অভিযোগ, পারভেজদের প্রতিরোধ করতে গেলে পুলিশ সাংস্কৃতিক জোটের কর্মীদের ওপর লাঠি চালায়।  

পুলিশ পারভেজকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রাতে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওসি মঞ্জুর।

পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে এই পুলিশ কর্মকর্তা বলেন, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও যুবলীগ নেতা পারভেজ থানায় দুটি পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

“উভয়ের অভিযোগ আমলে নিয়ে তদন্তের ব্যবস্থা করা হবে।”

পুরনো খবর:

রফিউর রাব্বির সমাবেশে ‘পিস্তল নিয়ে’ যুবলীগ নেতা