২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে উদ্ধার কাজ দেখলেন প্রধানমন্ত্রী

সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 03:33 AM

Updated : 25 Apr 2022, 06:40 PM

এর আগে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং ভবন ধসে আহতদের খোঁজ খবর নেন।

তার বহরের সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহবুব জানান, সকাল ৯টার পর সাভারে পৌঁছান। প্রথম তিনি যান এনাম মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে ভবন ধসে আহত ২১৪ জনের চিকিৎসা চলছে।

শেখ হাসিনা হাসপাতালের বিভিন্ন কক্ষে ঘুরে ঘুরে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। আহতদের প্রত্যেককে তিনি ১০ হাজার টাকা করে দেন এবং চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চান।    

আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও তিন বাহিনীর প্রধানরা এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

হাসপাতাল থেকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় যান প্রধানমন্ত্রী, যেখানে রানা প্লাজার ধ্বংসস্তূপে ষষ্ঠ দিনের উদ্ধার অভিযান চলছে।

সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রীর সঙ্গে উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা সেনা ও ফায়ার ব্রিগেড কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।

ভবনের ধ্বংসস্তূপের সামনে সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের কাছ থেকে উদ্ধার তৎপরতার সর্বশেষ পরিস্থিত সম্পর্কে খোঁজ খবর নেন এবং উদ্ধার অভিযানের বিভিন্ন সময়ে তোলা আলোকচিত্র দেখেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সাভার সিএমএইচে যান। ভবন ধসে আহত ১০৭ জনের চিকিৎসা চলছে সেখানে।

প্রধানমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেন। 

প্রধানমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে সকাল থেকেই রানা প্লাজার আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। র‌্যাবের ডগ স্কোয়াড দিয়েও এলাকাটি তল্লাশি চালানো হয়।  

গত বুধবার সকালে নয় তলা ভবনটি ধসে পড়ার পর নিহতের সংখ্যা পৌনে চারশ ছাড়িয়ে গেছে।

রোববার রাত থেকে ভারী সরঞ্জামের মাধ্যমে ধ্বংসস্তূপ সরানো শুরু হয়েছে। এর মধ্য দিয়ে কার্যত শেষ হয়েছে জীবিতদের সন্ধান।