শান্তির জন্য মানববন্ধন পাহাড়ে
রাজনৈতিক সংঘাত নয়, সহাবস্থান চাই- এ আহ্বানে মানববন্ধন করেছে পাহাড়িরা।
রোববার পাবর্ত্য চট্টগ্রাম নাগরিক কমিটির ডাকে বান্দরবান জেলা শহরের প্রু আবাসিক হোটেলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন থেকে রাজনৈতিক সহিংসতা, খুন, অপহরণ মুক্ত পাবর্ত্য চট্টগ্রাম এবং রাজনৈতিক সংঘাত বন্ধের দাবি জানানো হয়।
একই সঙ্গে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা শহরে এবং রাঙামাটির বাঘাইছড়ি ও বাঘেরহাট উপজেলায়ও এ কর্মসূচি মানববন্ধন হয়েছে বলে জানান আয়োজকরা।
মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির বান্দরবান জেলা আহবায়ক বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক কাউন্সিলর ও রাজকুমার উ নুশৈ প্রু, রাজ পুত্র চহ্লাপ্রু জিমি, আদিবাসী নারী নেত্রী উত্তরা ত্রিপুরা, মানবাধিকার কর্মী ডনাইপ্রু নেলী বক্তব্য দেন।
বক্তারা বলেন, আমাদের রাজনৈতিক মত ভিন্নতা, নীতি-আদর্শের বিবাদ ও কর্ম পদ্ধতির পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের গন্তব্য অভিন্ন। ভাইয়ে-ভাইয়েও তো মতের দ্বৈততা থাকে। তাই বলে কী আমরা সে দ্বন্দ্বকে খুনোখুনিতে গড়াতে দেব? তা হতে পারে না।
ভ্রাতৃঘাতী এ সংঘাতের কারণে পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে । এতে তিন পার্বত্য জেলার পাহাড়ি-বাঙালি সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক সংঘাত নয়, সহাবস্থান চাই, বলেন তারা।
