২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্ধান চাই, জীবিত বা মৃত’

সাভারে ভবন ধসের পঞ্চম দিনেও স্বজনকে জীবিত ফিরে পাওয়ার আকুতিতে যেন চাপা পড়ে গেছে উদ্ধারে ব্যস্ত মানুষগুলোর কোলাহল। থেমে থেমে ভেসে আসে কান্নার রোল; আহাজারি।

গোলাম মুজতবা ধ্রুব

আশিক হোসেন ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

আশেপাশে ছেয়ে গেছে নিখোঁজের সন্ধান চেয়ে সাঁটানো অসংখ্য পোস্টারে। কোনোটি কাঁচা হাতে লেখা, সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি। আবার কোনোটি সাদা কাগজে রঙিন প্রিন্ট। শব্দে ভিন্নতা থাকলেও আকুতি একই- সন্ধান চাই, জীবিত বা মৃত।

ঘটনার প্রথম দিন থেকেই দুই নাতির খোঁজে ছুটে বেড়াচ্ছেন রহিমা বেগম। রোববারও দেখা গেল তাকে। ছুটছেন। এক একটা লাশ কিংবা জীবিত কাউকে উদ্ধারের পরই ছুটে যাচ্ছেন ষাটোর্ধ্ব রহিমা। 

না পেয়ে কণ্ঠে খেদ, “আমি ১৫ বছর ফুলবাড়িয়ার গার্মেন্টসে গার্ডের কাজ করি। তোরা কেমন, মানুষ খুঁজি পাস না। এহন আমার মানুষ গুলানরেই কেউ বাইর কইরা দিতে পারছে না।”

ফুপিয়ে কাঁদতে কাঁদতে দুই নাতি সেকান্দার আর সেন্টুর ছবি দেখাচ্ছিলেন উপস্থিত সবাইকে। তারা দু’জন রানা প্লাজার চারতলার একটি গার্মেন্টসে অপারেটরের কাজ করতেন। গত বুধবারের পর থেকে তারা নিখোঁজ।

শুধু রহিমা নয়, বিভিন্ন হাসপাতাল খুঁজেও স্বজনকে না পেয়ে ছুটে আসা মানুষের সংখ্যা গুণে শেষ করা যাবে না। কারো জীবিত থাকার খবর নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষণা করা মাত্র ছুটে আসছেন তারা।

এদেরই একজন বৃদ্ধ হাবিবুর রহমান। এসেছেন মেয়ে শানিনুরকে খুঁজতে। এ ভবনের একটি গার্মেন্টসে কাজ করতো সে। নিখোঁজ মেয়েকে ফিরে পেতে কাঁদতে কাঁদতে বিলাপ করছিলেন হাবিব।

“আমার মাইয়াডা যা চাইতো তারে তা-ই কিনা দিতাম। মা তুই কইরে!”

নিখোঁজ বোনের ছবি আর ঠিকানা লিখে তাকে দিনাজপুর হতে খুঁজতে এসেছেন আক্তার হোসেন। তিনি বলেন, “আমি জেনেছি তিন তলার কেচি গেটের পাশেই আমার বোন ফজিলা আছেন। এক উদ্ধারকর্মী আমাকে জানিয়েছে ফজিলা বেঁচে আছে।”

বোনকে ফিরে পেতে  উদ্ধারকর্মীদের বারবার অনুরোধ করছিলেন তিনি।

শ্যালক বাবু মিয়ার খোঁজে এসেছেন সাদেকুর রহমান। পাঁচ তলার একটি কারখানায় কাজ করতো সে। তিনি বলেন, “বাবুর সাথে কাজ করছিলো তাকে জীবিত পাওয়া গেছে। ঢাকা মেডিকেল, এনাম মেডিকেল, অধর চন্দ্র স্কুল মাঠ সব খানে তাকে খোঁজ করেছি। এখনো তার কোন খোঁজ পাওয়া যায়নি।”

এরকম আহাজারি আর নিখোঁজের সন্ধানে আসা মানুষের ভিড়ের মধ্যে ভবন ধসের একশ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে চলছে কাজ। রোববার সকালেও রানা প্লাজার ধ্বংসস্তূপের মধ্যে তৃতীয় তলা থেকে নয় জনকে জীবিত পাওয়া যায়, যাদের মধ্যে পাঁচজনকে বেলা সাড়ে ১২টার দিকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। 

অধর চন্দ্র বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত পুলিশ পরিদর্শক আমিনুর রহমান জানান, স্বজনদের কাছ থেকে যে তথ্য তারা পেয়েছেন, সে অনুযায়ী এখনো ১ হাজার ১৬৮ জন নিখোঁজ রয়েছেন। ওই সময় পর্যন্ত উদ্ধার করা লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জনে। এর মধ্যে ৩০৯ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ৫২টি মরদেহ ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে। তবে সময়ের সঙ্গে বাড়ছে এ সংখ্যা।

৫৬ শতাংশ জমির ওপর নির্মিত নয় তলা ওই ভবন ধসে পড়ে এখন তিন তলার উচ্চতা নিয়ে আছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক শাহীনুল ইসলাম জানান, ধসে পড়া ভবনের বিভিন্ন অংশে সাতটি গর্তে (হোল) বিশেষ ক্যামেরা দিয়ে ধ্বংসস্তূপের নিচ পর্যবেক্ষণ করা হচ্ছে। এই রকম ২৫টি গর্ত তৈরি করা হয়েছে।

সাভার পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল রানার মালিকানাধীন এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্রসাধন সামগ্রী ও পোশাকের দোকান ছিল।

ছয় তলার অনুমতি নিয়ে নয় তলা করা এ ভবনে নিউ ওয়েভ বটমস লিমিটেড, নিউ ওয়েভ স্টাইল, নিউ ওয়েভ অ্যাপারেলস, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড, ফ্যান্টম ট্যাক লিমিটেড ও ইথার টেক্সটাইল লিমিটেড নামে পাঁচটি পোশাক কারখানা ছিল।

এর মধ্যে তিন কারখানা মালিক এবং সাভার পৌরসভার দুই প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের চার জনকে রিমান্ডেও পেয়েছে। সর্বশেষ দুপুরে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয় ভবন মালিক সোহেল রানাকে।