না.গঞ্জে ঝুঁকিপূর্ণ মার্কেট খালির নির্দেশ
নারায়ণগঞ্জ শহরের একটি জরাজীর্ণ একটি চারতলা মার্কেট খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
রোববার শহরের দেওভোগ নাগবাড়ি এলাকায় চারতলা হাকিম মার্কেটের জরাজীর্ণ অবস্থা নিয়ে শ্রমিকরা উপজেলা প্রশাসন ও পুলিশকে অভিযোগ করে।
পরে দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্কেটটি পরিদর্শন করে সেটি খালি করার নির্দেশ দেন।
ইউএনও গাউছুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাকিম মার্কেট দুই শতাধিক ছোট ছোট দর্জির দোকান রয়েছে। সেখানে দেড় থেকে দুই হাজার শ্রমিক কাজ করে।
পুরাতন মার্কেট হওয়ায় ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পে ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
“দর্জি শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে দুর্ঘটনা এড়াতে ওই ভবনে থাকা দোকান ও কারখানার মালামাল সরিয়ে ভবনটি খালি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।”
বুয়েট ও সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা মার্কেট পরিদর্শন করে প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও।
সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ, তাই খালি করার জন্য মাইকিং করা হচ্ছে।
নারায়ণগঞ্জ দর্জি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বিল্লাল বাশার জানান, ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করে শ্রমিকরা আতঙ্কে ভুগেন। তিনি পুরানো ভবনটি ভেঙ্গে সেখানে নতুন ভবন নির্মাণের দাবি জানান।
এ ব্যাপারে হাকিম মাকের্টের মালিকের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
