২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯ তরুণী

অবৈধভাবে ভারত গিয়ে মুম্বাইয়ের কারাগারে দুই বছর সাজা ভোগের পর দেশে ফিরেছেন নয় তরুণী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল সীমান্তে তাদেরকে বিজিবি’র কাছে হস্তান্তর করে।

তারা হলেন, প্রিয়া আক্তার (১৫), তানজিনা খাতুন (১৩), আনু খাতুন (১৪), মাসুদা খাতুন (১৬), রিয়াংকা খাতুন (১৪), শরীফা খাতুন (১৮), রত্না খাতুন (১৩), রুমা খাতুন (২০) ও হালিমা খাতুন (১৫)।  তাদের বাড়ি খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দালালরা অবৈধপথে এই তরুণীদের ভারতে পাচার করে। মুম্বাই শহরে গিয়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হন তারা।

সাজার মেয়াদ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরেন।

এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ফেরত আসা তরুণীদের বেনাপোল পোর্ট থানার মাধ্যমে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির এরিয়া অফিসার এবিএম মুহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেরত আসা তরুণীদেরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।