চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন সিলগালা
সাভারে ভবন ধসের ঘটনার চার দিনের মাথায় চট্টগ্রামের আগ্রাবাদে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনায় একটি চারতলা ভবন সিলগালা করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শনিবার বিকাল ৪টার দিকে আগ্রাবাদ বাদামতলীতে অবস্থিত জেক্স কমপ্লেক্স নামে ভবনটি বন্ধ করে দেয় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদিরের নেতৃত্বে একটি দল।
জেক্স কমপ্লেক্সে একটি গার্মেন্টস, তিনটি বীমা অফিস এবং ৩২টি বিভিন্ন রকমের দোকান রয়েছে।
গত ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজায় ভয়াবহ ধসের ঘটনায় নিহতের সংখ্যা প্রায় সাড়ে তিনশ’। সেখানে চতুর্থ দিনের উদ্ধার অভিযান চলছে। ফাটল দেখা দেয়ার পরও কারখানাগুলোতে পরদিন কাজ শুরু হয়। বেঁচে আসা শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়েছিল।
আবদুল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন গণমাধ্যমে দেখার পর এ ভবনটিকে অধিক ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় এটি সিলগালা করে দেয়া হয়েছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এটি আমরা করেছি।”
ভবনটির পাঁচ মালিকের একজন খুরশীদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের আমরা সরে যেতে বলেছিলাম। কিন্তু তারা তা করেনি।”
অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন কয়েকজন দোকান মালিক।
শহিদুল হক নামে একজন জানান, তারা নিয়মমত ভাড়া দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে তাদের কখনো কিছু বলা হয়নি।
অতিরিক্ত জেলা প্রশাসক চলে যাওয়ার পর কোনো ধরনের সুযোগ না দিয়েই ভবন সিলগালা করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, সকালে এসে তাদের সরে যেতে বলা হয়েছিল।
