২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় ২২ লাশ হস্তান্তর 

সাভারের রানা প্লাজা ধসে নিহত রংপুর, বগুড়া, নাটোর ও শেরপুরের ২২ পোশাককর্মীর লাশ নিজ নিজ ঠিকানায় পৌঁছেছে।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 10:33 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এসব শ্রমিকদের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়।

এছাড়া এসব জেলার এখনো ৫৯ শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন জানিযেছে।

রংপুর: শনিবার আরো দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এরা হলেন মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের হাফিজার রহমানের মেয়ে হামিদা বানু (২৭) ও রানীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আবুল কাশেমের স্ত্রী গোলসেনা খাতুন (২২)।

মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, এর আগে বৃহস্পতিবার আরো সাত জনের লাশ মিঠাপুকুর পৌঁছেছে।

এই উপজেলার আরো ২৮জন পোশাক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশীদ।

“এছাড়া সাভারের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে আরো অন্তত ৫০ জন চিকিৎসাধীন আছেন,” বলেন ইউএনও।

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাফন কাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেয়া হয়েছে।

গত বছর নভেম্বরে আশুলিয়ায় তাজরিন ফ্যাশন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১২ জনের মধ্যে ৩৯জন ছিলেন মিঠাপুকুর উপজেলার।

বগুড়া: সাভারে ভবনধসে বগুড়ার পাঁচজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন সাতজন।

শুক্রবার ও শনিবার এদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে শম্পা খাতুন (১৬), সারিয়াকান্দির কড়িতলা গ্রামের শামছুল হকের স্ত্রী মঞ্জু বেগম (২৮), শাজাহানপুরের পশ্চিম সুজাবাদ গ্রামের প্রয়াত মোমিনুল হকের মেয়ে মনিকা বেগম (১৮), আদমদীঘির বিহিগ্রাম মধ্যপাড়ার মোখলেছার মোল্লার ছেলে মোমিন মোল্লা (২৪) এবং নন্দীগ্রামের চৌদীর্ঘি গ্রামের সোলাইমান আলীর মেয়ে সোনিয়া খাতুন (১৯)।

সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এ খবর নিশ্চিত করেন।  

নাটোর: সাভারের রানা প্লাজায় ধসের ঘটনায় নাটোরের চারজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন নয়জন।

জেলা প্রশাসন জানায়, নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামের আল্পনা খাতুন (১৭), মাঝগাঁও গ্রামের দেলনাহার বেগম (৪৫) চন্ডিপুর গ্রামের মসলেম উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (৪৫) ও কালিকাপুর গ্রামের সামসুল মুন্সির ছেলে হযরত আলী।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে এদের লাশ দাফন করা হয়েছে।

নিহত আলেয়ার স্বামী মসলেম উদ্দিন বলেন, ভবনধসের দুইদিন পর স্ত্রীর লাশ পেলেও মেয়ে মৌসুমী খাতুনের (১৭) সন্ধানেএখনো পাননি।

তিনি, স্ত্রী ও মেয়ে মৌসুমী একবছর আগে রানা প্লাজার পঞ্চম তলার পোশাক কারখানায় কাজ নেন। ঘটনার দিন অসুস্থ থাকায় তিনি কাজে যাননি বলেও জানান।

নিখোঁজের তালিকায় আরো রয়েছেন বড়াইগ্রামের একজন, সদরের মাধনগরের পাঁচজন, ভাবনী গ্রামের একজন, বাগাতিপাড়ার সাতশৈল গ্রামের একজন ও সালাইনগর গ্রামের একজন।

বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের নির্দেশে নিহতদের পরিবারকে পাঁচ হাজার করে টাকা দেয়া হয়েছে।

উপজেলা পরিষদের পক্ষ থেকে এসব পরিবারকে সার্বিক সহযোগিতার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

শেরপুর: শেরপুরের নিহত চারজনের লাশ নিজ নিজ বাড়ি পৌঁছেছে।

এছাড়া নালিতাবাড়ীর ১৫ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের একজন হলেন নিউ ওয়েব স্টাইল লিমিটেডের কোয়ালিটি ইন্সপেক্টর সাইফুল্লাহ ইবনে হাবিব (২৬)। তিনি শেরপওর সদরের চরশেরপুর দড়িপাড়া গ্রামের মাওলানা হাবিবুর রহমানের ছেলে।

তার স্বজনরা জানান, শেরপুর সরকারি কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক (সম্মান) পরীক্ষা দেয়ার পর ২৫ দিন আগে চাকরিতে যোগ দেন হাবিব।

শুক্রবার তার লাশ পাওয়া যায়। শনিবার সকালে তা শেরপুরে পৌঁছায়।

নিহত অন্যরা হলেন নালিতাবাড়ী উপজেলার আন্ধারুগোপ গ্রামের রহিমা বেগম, শালমারা গ্রামের কাউছার ও ঝিনাইগাতীর নওকুচি গ্রামের পারভিন।

বৃহস্পতিবার ও শুক্রবার তাদের লাশ পৌঁছায়।

নালিতাবাড়ী থানার ওসি গোলাম হায়দার বলেন, নালিতাবাড়ীর আরো ১৫ জন এখনো নিখোঁজ রয়েছেন।