২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের অবহেলাতেই প্রাণহানি বেড়েছে: মওদুদ

সরকারের ‘অবহেলা ও সঠিক সিদ্ধান্তের’ অভাবেই সাভারের বহুতল ভবন ধসে ব্যাপক মানুষের প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 04:05 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

শুক্রবার বিকালে এক আলোচনা সভায় মওদুদ আহমদ বলেন, "শুনেছি, উদ্ধার অভিযানে আজ সেনা বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরকে সম্পৃক্ত করা হয়েছে। আজ অনেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রথম দিন থেকে উদ্ধার অভিযানে সেনা বাহিনীকে পূর্ণাঙ্গভাবে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোরকে সম্পৃক্ত করা হলে শত শত মানুষের জীবন রক্ষা পেতো বলে আমরা মনে করি।"

"পিলখানার ঘটনার মতোই এবারো সাভারের ঘটনায় আটকে পড়া মানুষজনকে উদ্ধারে সরকারের অবহেলা ও নিষ্ক্রিয়তা স্পষ্ট হয়ে গেছে। এটি কোনো দুঘর্টনা নয়, একটি হত্যাকাণ্ডের ঘটনা ছিল।"

মওদুদ বলেন, "সাভারের ভবন ধসেও পিলখানার মতোই প্রথমে সেনা বাহিনীকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করেনি। এরকম ভবন ধসে উদ্ধার অভিযানে মানুষজনকে কীভাবে রক্ষা করতে হয়- তা সাধারণ সৈনিকরা জানেন না। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এক্ষেত্রে বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত। অথচ তাদের প্রথম দিন থেকে নামানো হয়নি।"

দুর্ঘটনার দুইদিন পরও ‘রানা’ ভবনের মালিক স্থানীয় যুবলীগের নেতা সোহেল রানা গ্রেপ্তার না হওয়াকে ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেন তিনি।

"প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, রানা যুবলীগের কেউ নয়। তা যদি সত্যি হয়, কেন রানাকে এখনো গ্রেপ্তার করা হলো না। অথচ আমাকেসহ বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়।"

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আমার দেশ ও মাহমুদুর রহমান সংহতি পরিষদের উদ্যোগে ‘গণমাধ্যমের স্বাধীনতা : নাগরিক সংলাপ’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "আমরা গতকাল গিয়ে উদ্ধার অভিযানে সরকারের তেমন কোনো তৎপরতা দেখিনি। কিছু সেনা বাহিনীর সদস্যকে দেখা গেছে।"

হাসপাতালে আহতদের সুচিকিৎসার ক্ষেত্রে সরকারের অবহেলার কথা তুলে ধরেন তিনি।

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের অবিলম্বে মুক্তি দাবি করে তিনি বলেন, " তিনি স্বাধীন সংবাদপত্রের একজন জীবন্ত প্রতীক। তার গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি।’’

মতবিভেদ ভুলে গিয়ে তার মুক্তির জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন করার আহবান জানান মওদুদ।

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর আহমদ বলেন, "জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দুর্বল হয়ে গেছে। তারা দিশেহারা হয়ে এখন ফ্যাসিবাদী আচরণ করছে। এই সরকারকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শত নাগরিক জাতীয় কমিটির এর যুগ্ম আহবায়ক সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুল রউফ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, জাতীয় নাগরিক রক্ষা কমিটির আহবায়ক ফরহাদ মজহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক তারেক শামসুর রহমান, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অধ্যাপক তাজমিরী এস ইসলাম, অধ্যাপক জিনাত আরা নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহফুজ পারভেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা জামান, রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রব, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, চলচিত্রকার চাষী নজরুল ইসলাম, সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, সাম্মী আখতার প্রমুখ বক্তব্য রাখেন।