রানার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী
সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানা ও ওই ভবনে থাকা পাঁচটি গার্মেন্টের মালিক যাতে দেশ ছাড়তে না পারেন সে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
শুক্রবার রাতে বিজিএমইএ ভবনে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই- এর সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “যাতে ভবন ও গার্মেন্টসের মালিক কোনো পথে বিদেশ যেতে না পারেন সে জন্য প্রতিটি পথে নিষেধাজ্ঞা জারি করেছি। এবং পাহারা নিশ্চিত করেছে।”
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান উপস্থিত রয়েছেন।
File Photo
পৌর যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন ওই ভবনে মঙ্গলবার ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। বেঁচে আসা শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়েছিল।
নয় তলা ওই ভবনের দোতলা পর্যন্ত ছিল দোকান। ওপরে ছিল পোশাক কারখানা। ওই ভবনের কারখানাগুলোর মধ্যে নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইলের মালিক মাহবুবুর রহমান তাপস ও বজলুস সামাদ আদনান। ফ্যান্টম অ্যাপারেলস ও ট্যাকের মালিক মো. আমিনুল ইসলাম। আর ইথারটেক্সের মালিক মো. আনিসুর রহমান।
এরই মধ্যে এ ঘটনায় ঘটনায় রানা ও গার্মেন্ট মালিকদের আসামি করে বুধবার রাতে পুলিশ ও রাজউকের পক্ষ থেকে সাভার মডেল থানায় দুটি মামলা করা হয়। এছাড়া হাইকোর্ট তাদের আগামী ৩০ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
