২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্র্যাজেডি: বগুড়ার ৪ পোশাক শ্রমিক নিহত

সাভারে বহুতল ভবন ধসে এ পর্যন্ত বগুড়ার চার পোশাক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরো তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

এরা হলেন- সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে শম্পা খাতুন (১৬), সারিয়াকান্দি উপজেলার কড়িতলা গ্রামের শামছুল হকের স্ত্রী মঞ্জু বেগম (২৮), শাজাহানপুর উপজেলার পশ্চিম সুজাবাদ গ্রামের প্রয়াত মোমিনুল হকের মেয়ে মনিকা বেগম (১৫) ও আদমদীঘি উপজেলার বিহিগ্রাম মধ্যপাড়ার মোখলেছার মোল্লার ছেলে মোমিন মোল্লা (২৪)।

সাভারের নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।

ওই ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।

শম্পা খাতুনের চাচা আব্দুল ওয়াহেদ জানান, ৪ ভাই-বোনের মধ্যে শম্পা সবার ছোট। দিনমজুর বাবার আয়ে সংসার চলে না বলে তারা সবাই ঢাকার বিভিন্ন গার্মেন্ট কারখানায় কর্মরত। এক বছর আগে শম্পা সাভারের রানা প্লাজার একটি পোশাক কারখানায় কাজে যোগ দেয়। শুক্রবার সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সে শম্পার লাশ তার গ্রামের বাড়ি এসে পৌঁছে। দুপুর ১২টার দিকে তার লাশ দাফন করা হয়।

রানা প্লাজা ধসে নিহত উপজেলার কড়িতলা গ্রামের তিন সন্তানের জননী মঞ্জু বেগমের লাশ বৃহস্পতিবার রাতে এসে পৌঁছে। রাতেই তার লাশ দাফন করা হয়। স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন স্বামী শামছুল হক। সন্তানদের সান্তনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি।

তিনি কাঁদতে কাঁদতে বলেন, “মায়ের অভাব কি বাবা পূরণ করতে পারে। তাই মাকে হারিয়ে পাগলপ্রায় তার সন্তানরা।”

দুই মেয়ে এবং এক ছেলের মধ্যে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন কয়েক বছর আগে। মেঝ মেয়ে বাড়িতে থাকতেন বাবার কাছে আর ১০ বছর বয়সী ছেলেকে ঢাকায় নিজের কাছে রেখেছিলেন তিনি।

নিহত আদমদীঘির মোমিন মোল্লার লাশ বৃহস্পতিবার রাতে দাফন করা হয়। ওই এলাকার হাবিবুর রহমান জানান, অভাবী পরিবারে স্বচ্ছলতা আনার জন্য ২৪ বছর বয়সী মোমিন এক বছর আগে পোশাক কারখানায় কাজ নেন। শেষ পর্যন্ত অভাব মোচন তো হলোই না, তাকেই জীবন দিতে হলো।

বগুড়ার নিখোঁজ শ্রমিকরা

সাভার ট্র্যজেডিতে বগুড়ার নিখোঁজ তিন পোশাক শ্রমিক হলেন, সারিয়াকান্দির কর্ণিবাড়ী ইউনিয়নের তালতলা গ্রামের হাবিবুর রহমান মন্ডলের মেয়ে রুমি (১৮), ওই ইউনিয়নের নারাপাড়া গ্রামের পিয়ার মোল্লার ছেলে আতাউর রহমান (২৭), ভেলাবাড়ী ইউনিয়নের বাশহাটা গ্রামের মৃত জয়নালের ছেলে মামুনুর রশীদ (২৪)।

কর্নিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আজহার আলী মন্ডল জানান, একদিকে যমুনা নদীর ভাঙ্গনে এসব গরিব মানুষের সবকিছু তছনছ করে দিয়েছে। এরপরেও জীবন বাঁচানোর তাগিদে সাভারের পোশাক কারখানায় কাজ করতে গিয়েছিল তারা। ভবন ধসের পর তাদের খোঁজ এখনো মেলেনি। পরিবারের সদস্যরা ছুটে গিয়েছে সেখানে। আজও তাদের সন্ধান পায়নি।

যমুনার ভাঙ্গনে এই তিন পোশাক শ্রমিক সর্বস্ব হারিয়েছে। বাঁচার জন্য শেষ আশ্রয় নিয়েছিল গামের্ন্ট কর্মী হিসাবে।