‘পোশাক কারখানায় আগুন-ধসের পেছনে মালিকদেরও ব্যর্থতা রয়েছে’
পোশাক কারখানায় আগুন ও ধসের পেছনে শিল্প মালিকদেরও ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, “গার্মেন্টস একটি গুরুত্বপুর্ণ শিল্প, এটাকে এভাবে ধ্বংস করতে দেয়া যায়না।”
শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের উঠান বৈঠক সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, “পোশাক কারখানায় একের পর এক দুর্ঘটনায় দেশের অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।তাজরিন ফ্যাশনসে আগুনের ক্ষতি এখনো পুষিয়ে উঠা যায়নি। এরই মধ্যে সাভারে ভবন ধসে পোশাক শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি হলো। এসব ক্ষতি বন্ধ করতে হবে।”
এ প্রসঙ্গে মুহিত উল্লেখ করেন, দেশে বিল্ডিং কোড ছিলনা, এখন হয়েছে। বিল্ডিং কোড অমান্যকরীরদের বিরুদ্ধে কিছু কিছু এনফোর্সমেন্টও শুরু হয়েছে।
সাভারে ভবন ধসে দায়ীদের বিচার দ্রুত বিচার আইনে করা যেতে পারে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
“কিন্তু হরতাল ও সন্ত্রাসের মাধ্যমে দেশের এ ভালো অবস্থানকে ম্লান করে দেয়া হচ্ছে। হরতাল ও সন্ত্রাস প্রতিরোধ করা সকলের জাতীয় দ্বায়িত্ব।”
অনুষ্ঠানে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক প্রসান্ত কুমার রায়, সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল বক্তব্য রাখেন।
এর আগে সকালে অর্থমন্ত্রী তিন কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে সিলেট কালেক্টরেট রেকর্ড রুমের (মহাফেজখানা) ভিত্তিপ্রস্তর ও ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে সিলেট সার্কিট হাউসের আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন করেন।
