সরকারের প্রশংসায় স্বতন্ত্র সাংসদ আজিম
সাভারে ভবন ধসের পর সরকারের তাৎক্ষণিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংসদের একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।
বৃহস্পতিবার জাতীয় সংসদে দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে আজিম সাভারের ভবন ধসের ঘটনায় হতাহতের রুহের মাগফেরাত ও সমবেদনা প্রকাশ করেন।
দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি।
আজিম বলেন, “এ ঘটনার পর সরকার সফল উদ্যোগ নিয়েছে। দমকল বাহিনী, সশস্ত্র বাহিনী ও পুলিশবাহিনীসহ সাধারণরা উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। নানা সমস্যার পরও সরকারের উদ্যোগের প্রশংসা করি।”
মতিয়া চৌধুরী নির্ধারিত প্রশ্নের উত্তর দেয়ার আগে উদ্ধার কার্যক্রমের বর্ণনা দিয়ে জানান, এ ঘটনার পর সাভারের কান্নায় বাতাস ভারি হয়েছে।
“সরকার তার করণীয় করছে। জাতি হিসেবে আমরা তাদের [দুর্ঘটনা কবলিতদের] পাশে দাঁড়াবো। বলতে গেলে- তাদের জীবন নষ্ট হয়ে গেছে। তাদের এখন কী হবে। সবাইকে এখন এগিয়ে আসতে হবে।”
