২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধস: গাইবান্ধার ২০ পোশাক শ্রমিক নিখোঁজ

সাভারে বহুতল ভবন ধসের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গাইবান্ধার সাদুল্লাপুরের ২০ গার্মেন্ট শ্রমিক নিখোঁজ রয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 06:19 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

দুপুরে ওইসব এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামজুড়ে শোকের মাতম। নিখোঁজ শ্রমিকদের অধিকাংশই নারী।

জানা যায়, উপজেলার দামোদরপুর, কামারপাড়া, রসুলপুর, বনগ্রাম ও নলডাঙ্গা ইউনিয়নের কয়েক শ’ পূরুষ-মহিলা সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার কয়েকটি গার্মেন্টসে কাজ করতেন।

তাদের মধ্যে নিখোঁজ ২০ জনের পরিচয় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন।

উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, তার ইউনিয়নের পুর্ব দামোরদরপুর গ্রামের মুনছুর আলীর মেয়ে অঞ্জুয়ারা (২০), আ: সামাদের ছেলে মুকছুদুল হক (১৮), জরিপ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২৬), মিজানুর রহমানের স্ত্রী শাহীনুর বেগম (২২), মিজানুর রহমানের -২ স্ত্রী সোনিয়া বেগম (২৮), আনিছার রহমানের মেয়ে আয়েশা খাতুন (১৫) ও স্ত্রী আছিয়া বেগম  (৩০), হাফিজার রহমানের ছেলে ইউনুস আলী (২২), আইয়ুব আলীর মেয়ে রীতা আক্তার (১৬), কসিম উদ্দিনের মেয়ে শাহীনুর খাতুন (১৮), জামুডাঙ্গা গ্রামের নয়া মিয়ার মেয়ে নুরুনাহার (৩৫), ছকির মিয়ার ছেলে মাসুদ মিয়া (২০), ফজ্জল মিয়ার ছেলে সেলিম মিয়া (১৮) নিখোঁজ রয়েছে।

উপজেলার বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা জানান, তার ইউনিয়নের বদলাগাড়ী গ্রামের মৃত প্রমোদ বর্মনের মেয়ে অঞ্চনা রানী শান্তি বর্মন (১৮), দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের শম্ভু চন্দ্র দাসের মেয়ে বিউটি দাস বিথী (১৯) নিখোঁজ রয়েছে।

রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, তার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবদুস সাত্তার আমিনের ছেলে জহুরুল ইসলাম সাজু (২৫), ফকিরপাড়া গ্রামের নইম উদ্দিনের স্ত্রী জোবেদা বেগম (২৮) নিখোঁজ রয়েছে।

নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম নান্টু জানান, তার ইউনিয়নের মান্দুয়ারপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২০), প্রতাপ গ্রামের হায়দার আলীর স্ত্রী শিল্পি বেগম (২৫) ও একই গ্রামের রেজাউল করিমের ছেলে মনজুরুল করিম (২০) এখনও নিখোঁজ রয়েছে।

সাভারে  ভবন ধসে নিহতদের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সাদুল্লাপুরের ৩ শ্রমিকের লাশ তাদের স্বজনরা দাফন করেছেন।

তারা হলেন- উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রামের শাহজালাল মিয়ার মেয়ে রেবা খাতুন (১৫), জামুডাঙ্গা গ্রামের হজরত আলীর মেয়ে হাসিনা বেগম (১৮) ও কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনী গ্রামের আ: কুদ্দুস মন্ডলের ছেলে জামরুল মন্ডল (২০)। এছাড়া ১৪ জন পোশাক শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার সকালে ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’, যার চারটি তলায় পাঁচটি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করছিলেন ঘটনার সময়। 

দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ওই ঘটনার পর সাভারে ৩০ ঘণ্টার উদ্ধার অভিযানে দেড় হাজারের মতো মানুষকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে।