২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানাকে আসামি করে শ্রম আদালতে ৫ মামলা

সাভারে ভবন ধসে শ্রমিক হতাহতের ঘটনায় শ্রম আদালতে পাঁচটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

এতে ভবন মালিক সোহেল রানা এবং কারখানাগুলোর মালিকদের আসামি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকা নয়তলা ওই ভবন ধসে পড়ে, যাতে পাঁচটি পোশাক কারখানা ছিল। ধ্বংসস্তূপ থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত দুই শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে।

ধসে পড়া রানা প্লাজার মালিক যুবলীগ নেতা রানা এবং কারখানা মালিকদের বিরুদ্ধে পুলিশ ও রাজউক বাদি হয়ে বুধবার রাতেই দুটি মামলা করেছে।

বৃহস্পতিবার শ্রম প্রতিমন্ত্রী আরো পাঁচ মামলার কথা সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

কারখানাগুলোর মধ্যে নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইলের মালিক মাহবুবুর রহমান তাপস ও বজলুস সামাদ আদনান। ফ্যানটম অ্যাপারেলস ও ফ্যানটম ট্যাকের মালিক মো. আমিনুল ইসলাম। ইথারটেক্সের মালিক মো. আনিসুর রহমান।

মঙ্গলবার ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ কারখানাগুলোতে কাজ বন্ধ রাখার সুপারিশ করে। কিন্তু পরদিন ওই কারখানাগুলোতে কাজ হচ্ছিল। শ্রমিকদের অভিযোগ, তাদের ঢুকতে ‘বাধ্য’ করা হয়েছে।

ফাটল দেখা দেয়ার পরেও রানা প্লাজাকে ঝুঁকিমুক্ত ‘বলায়’ সাভারের ইউএনওকেও আটক করা হবে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান।

তিনি বলেন, “ইউএনও রানা প্লাজাকে বুধবার সকালে ঝুঁকিমুক্ত বলে সনদ দিয়ে মৃত্যুকে প্ররোচিত করেছেন। এজন্য তাকে আটক করা হবে।”

প্রতিমন্ত্রী জানান, পোশাক কারখানার শ্রমিকদের বেতনভাতা ও ক্ষতিপূরণ দিতে বিজিএমইএকে নির্দেশ দেয়া হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলমের সঙ্গে  বৈঠক করেন মুন্নুজান।

ইস্রাফিল সাংবাদিকদের বলেন, ভবন ধসের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শিগগিরই তদন্ত শেষ করতে প্রতিমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে।

এছাড়া ভবন ধস নিয়ে ‘সংযত’ বক্তব্য রাখতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।