নারী সমাবেশ পেছাল, হবে ২৯ এপ্রিল
সাভারে ভবন ধসে হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে নারী সমাবেশ পিছিয়ে ২৯ এপ্রিল করার ঘোষণা দিয়েছে আয়োজক সংগঠক বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।
নারী নীতি বাতিল ও নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধ করার হেফাজতে ইসলামের দাবির প্রতিবাদে ২৭ এপ্রিল মতিঝিলে এ সমাবেশ হওয়ার কথা ছিল।
আয়োজক সংগঠকের সমন্বয়কারী সিরাজুল ইসলাম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারী উন্নয়ন নীতি বাতিল ও নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধ করা বিষয়ক হেফাজতে ইসলামের দাবির প্রতিবাদে রাজধানীর মতিঝিলে ২৭ এপ্রিল এ সমাবেশের আয়োজন করা হয়।
“কিন্তু সাভারের রানা প্লাজার দুর্ঘটনার প্রেক্ষিতে আমরা সমাবেশ পিছিয়ে নিয়েছি। তবে সমাবেশ সাভার করা হবে নাকি মতিঝিলেই করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।”
বিজিএমইএর তথ্য মতে দেশের তৈরি পোশাক শিল্পে ৩২ লাখ নারী শ্রমিক কাজ করছেন।
মঙ্গলবার সাভারে রানা প্লাজায় ফাটল ধরার পর ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়। কিন্তু বুধবার সকালে গার্মেন্ট মালিকরা ফাটল ধরা ভবনেই শ্রমিকদের কাজ শুরু করতে বাধ্য করেন বলে অভিযোগ করেছেন বেঁচে ফিরে আসা অনেকেই।
ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা ইতোমধ্যে দুশ’ ছাড়িয়ে গেছে।
