২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ

সাভারে বহুতল ভবন ধসে শ্রমিক হতাহতের প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে গাজীপুরের পর নারায়ণগঞ্জেও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 12:26 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে শিল্পপুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে সাত শিল্প পুলিশসহ কয়েকজন আহত হয়।
শ্রমিক অসন্তোষের পর জেলার বেশিরভাগ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার সকালে ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’, যার চারটি তলায় পাঁচটি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করছিলেন ঘটনার সময়। 

দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ওই ঘটনার পর সাভারে ৩০ ঘণ্টার উদ্ধার অভিযানে দেড় হাজারের মতো মানুষকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে।

মঙ্গলবার রানা প্লাজায় ফাটল ধরার পর ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়। কিন্তু বুধবার সকালে গার্মেন্ট মালিকরা ফাটল ধরা ভবনেই শ্রমিকদের কাজ শুরু করতে বাধ্য করেন বলে অভিযোগ করেছেন বেঁচে ফিরে আসা অনেকেই।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আদমজী ইপিজেডের একটি কারখানার শ্রমিকরা ছুটির দাবিতে রাস্তায় নেমে আসে। তারা সেখানে অবস্থিত বিভিন্ন কারখানার শ্রমিকদের বের করে আনে।
এ সময় ক্ষুদ্ধ শ্রমিকরা একটি কারখানা ভাংচুর করে এবং ইপিজেডের প্রধান ফটকে অবস্থিত কাস্টমস অফিসে ব্যাপক ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
বিক্ষোভের খবর পেয়ে ফতুল্লা শিল্পাঞ্চল ও কাঁচপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে আসে।
তারা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে।
বেলা একটার দিকে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় বলে জানান আদমজী শিল্প পুলিশের এএসপি মো. মাসুদ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাভারে ভবন ধসের ঘটনায় সরকার ঘোষিত জাতীয় শোক দিবসে ছুটির দাবিতে সকাল ১০টার দিকে ইপিজেডে অবস্থিত সুপ্রিম নিটওয়্যার কারখানার পোশাক শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে পড়ে।

তারা আরো কয়েকটি কারখানা থেকে শ্রমিকদের বের করে আনে। এসময় ফ্যাশন সিটি কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বের হতে বাধা দিয়ে তাদের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা কারখানাটি ভাংচুর করে।

এরপর হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে প্রধান ফটকের সামনে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।

বেলা ১১টার দিকে শ্রমিকদের একটি অংশ বিক্ষোভ মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।

পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এএসপি মো: মাসুদ জানান, পুলিশ ধাওয়া দিলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ আট রাউণ্ড শর্ট গানের গুলি ও এক রাউণ্ড কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরো বলেন, “শ্রমিকদের ইটের আঘাতে শিল্প পুলিশের এএসপি আলতাফ হোসেনসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।”

পোশাক শ্রমিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেছেন, পুলিশের লাঠিপেটা ও গুলিতে ১০ শ্রমিক আহত হয়েছেন।