৫ কারখানার সদস্যপদ স্থগিত করেছে বিজিএমইএ
শ্রমিক সংগঠনগুলোর দাবির মুখে সাভারের ধসে পড়া রানা প্লাজার পাঁচ পোশাক কারখানার সদস্যপদ স্থগিত করেছে বিজিএমইএ।
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের এ সংগঠনের সহসভাপতি (অর্থ) এসএম মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রানা প্লাজা ধসে ব্যাপক হতাহতের ঘটনার প্রেক্ষিতে গার্মেন্ট শ্রমিকদের ৩২টি সংগঠনের নেতাদের সঙ্গে দুপুরে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর বৈঠক হয়।
বৈঠকে ধসে পড়া ও ভবনে থাকা গার্মেন্টস কোম্পানিগুলোর সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত হয়।
এ প্রতিষ্ঠানগুলোকে আপাতত ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) দেয়া হবে না বলে জানান তিনি।
মঙ্গলবার ফাটল ধরার পর সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন নয়তলা ভবন ‘রানা প্লাজা’ বুধবার ধসে পড়ে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সেখান থেকে দুইশ শতাধিক মানুষের লাশ উদ্ধার করা হয়েছে।
ওই ভবনের তৃতীয় থেকে ষষ্ঠ তলায় পাঁচটি পোশাক কারখানা ছিল। আগের দিন ফাটল দেখা দেয়ায় পরও বুধবার সকালে শ্রমিকদের সেখানে কাজে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ এসেছে।
কারখানাগুলোর মধ্যে নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইলের মালিক মাহবুবুর রহমান তাপস ও বজলুস সামাদ আদনান। ফ্যানটম অ্যাপারেলস ও ট্যাকের মালিক মো. আমিনুল ইসলাম। আর ইথারটেক্সের মালিক মো. আনিসুর রহমান।
