ওয়াসার অডিট আপত্তি ৩ মাসে নিষ্পত্তির সুপারিশ
ঢাকা ওয়াসার অনিষ্পন্ন ১ হাজার ৮৪৯ কোটি টাকার অডিট আপত্তি তিন মাসে নিষ্পত্তি করতে বলেছে সংসদীয় কমিটি।
অডিট নিষ্পত্তিতে একটি একটি বিশেষ সেল গঠন করে ‘ক্রাশ প্রোগ্রাম’ হাতে নিতে বলা হয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটিকে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ঢাকা ওয়াসা নিয়ে আলোচনা হয়।
কমিটির সদস্য মঈনউদ্দিন খান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা ওয়াসা তাদের বকেয়া বিল আদায়সহ বিভিন্ন আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। কমিটি তাদের এই কাজকে আরো দ্রুত করার জন্য বলেছে।”
ওয়াসার পরিকল্পনার সঙ্গে স্থানীয় সাংসদের যুক্ত করার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে প্রয়োজনের তুলনায় চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ ৪২ শতাংশ হওয়ায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়।
চট্টগ্রামের সংসদ সদস্য বাদল বলেন, “গত ২৭ বছর ধরে চট্টগ্রাম ওয়াসার কোনো পরিকল্পনা নেই। এটা লজ্জার এবং পরিতাপের। দেশের বাণিজ্যিক রাজধানীর জন্য ওয়াসার পরিকল্পনা না থাকায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছি।”
চট্টগ্রামের ভাণ্ডারঝুরি খালকে পানির রিজার্ভার হিসেবে ব্যবহারের উপযোগিতা যাচাই করে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খান টিপু সুলতান, বীরেন শিকদার, এস কে আবু বাকের, মইন উদ্দিন খান বাদল এবং আমিনা আহমেদ অংশ নেন।
স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
