২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও

সাভারে ভবন ধসে শ্রমিক হতাহতের ঘটনায় রানা প্লাজার মালিক ও সেখানকার গার্মেন্ট মালিকদের ফাঁসির দাবিতে ঢাকায় বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 06:57 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

রাজধানীর মগবাজার, মালিবাগ ও রামপুরা এলাকার বিভিন্ন পোশাক কারখানার পাঁচ থেকে ছয়শ’ শ্রমিক বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাতিরঝিলে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন।

ধসে পড়া নয়তলা ভবন রানা প্লাজার মালিক সোহেল রানা এবং ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার মালিকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এক পর্যায়ে সোনারগাঁও হোটেল থেকে এফডিসিমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

পরে বেলা দেড়টার দিকে শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, আগের দিন ফাটল দেখা পরেও বুধবার ওই ভবনে শ্রমিকদের জোর করে ঢোকানোর জন্য তারা কারখানা মালিক ও ভবন মালিকের সর্বোচ্চ শাস্তি চান।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, শ্রমিকরা সব পোশাক কারখানায় ছুটি ঘোষণারও দাবি জানিয়েছে।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয়ভাবে কারখানা ছুটির কোনো ঘোষণা দেয়া হয়নি।

“তবে গার্মেন্ট মালিকদের বলা হয়েছে, তারা যাতে তাদের শ্রমিকদের বোঝান যে ভবন ধসে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে।”