ভবন ধসে প্রাণহানিতে মার্কিন কংগ্রেস সদস্যদের শোক
সাভারে ভবন ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যোসেফ ক্রাউলি ও আরও দুই কংগ্রেস সদস্য।
"দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্তদের জীবন বাঁচাতে যারা উদ্ধার কাজে ঝাপিয়ে পড়েছে আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি।"
বিবৃতিতে বলা হয়, "এটা একটি ভয়ঙ্কর বিপর্যয় এবং আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমরা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এমন দুঃসহ সময় স্বজনেরা কাটিয়ে উঠতে পারবেন বলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।"
বিবৃতিতে বলা হয়, এই ভয়ঙ্কর দুর্ঘটনা আবারো জানিয়ে দিল, বাংলাদেশের পোশাক শিল্পে নিরাপত্তার বিষয়ে আরো দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে শ্রমিকদের জীবন ও অধিকার সুরক্ষিত হয়।
এই দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবিও করা হয়েছে।
